মির্জাপুরে আ.লীগ প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মীর শরীফের এক সমর্থককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা ১১টার দিকে এ ইউপির চৌবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
শরীফের ওই সমর্থকের নাম মোশারফ হোসেন। তিনি বর্তমানে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন।
মোশারফ হোসেন অভিযোগ করে বলেন, তিনি স্থানীয় ভোটারদের ভোটকেন্দ্রে যেতে সহায়তা করছিলেন। এ সময় বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. জাহাঙ্গীর আলম ও সাবেক চেয়ারম্যান বাবুল হোসেন বকসীর সমর্থক উজ্জ্বল, সবুজসহ তাঁদের সঙ্গে থাকা কয়েকজন তাঁর ওপর হামলা চালান। এতে তিনি বাঁ কাঁধে গুরুতর আঘাত পান।
এ বিষয়ে মীর শরীফ বলেন, ‘মোশারফ আমার এক নম্বর সমর্থক। জাহাঙ্গীর ও বাবুলের লোকজনই তাঁকে মারধর করেছে।’
তবে অভিযোগের বিষযে জানতে চাইলে জাহাঙ্গীর আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ইউপি সদস্য প্রার্থীদের সমর্থকদের মধ্যে বিশৃঙ্খলা হয়েছে। এতে তাঁর সমর্থকদের কোনো সম্পৃক্ততা নেই। এটা মীর শরীফের চাল।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, কেন্দ্রের বাইরে গন্ডগোল হয়েছে বলে তিনি শুনেছেন। তবে কেন্দ্রের ভেতরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে।