মির্জাপুরে কুকুরের কামড়ে আহত ১১
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় কুকুরের কামড়ে ১১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী ও বাইমহাটী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, সকাল সাড়ে ছয়টার দিকে হঠাৎ একটি কুকুর উপজেলা সদরের ইউনিয়ন পাড়া এলাকার বাসিন্দা সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আলী হোসেনকে কামড় দেয়। এরপর কুকুরটি ওই এলাকা থেকে দৌড়াতে দৌড়াতে পর্যায়ক্রমে আরও অন্তত ১০ জনকে কামড়ে দেয়। তাঁদের মধ্যে কয়েকজন মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে চিকিৎসা নেন।
কুমুদিনী হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে তিনজন হাসপাতালে চিকিৎসা নেন। কয়েকজন পরামর্শ নিয়ে বাড়ি ফেরেন। নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক চিকিৎসক বলেন, কুকুরটি অন্তত ১১ জনকে কামড় দিয়েছে।
সাবেক ইউপি সদস্য আলী হোসেন বলেন, হঠাৎ করেই কুকুরটি তাঁকে কামড়ে দৌড়ে আরও কয়েকজনকে কামড়ে দেয়। কামড়ের পর তিনি ভীত হয়ে পড়েন। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।