মির্জাপুরে কয়েক গ্রামের মানুষ জড়ো হয়ে ধরলেন চিত্রা হরিণ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের পারদিঘী গ্রাম থেকে একটি চিত্রা হরিণ উদ্ধার হয়েছে। আজ বুধবার বিকেল পাঁচটার দিকে গ্রামবাসীর কাছ থেকে বন বিভাগের মির্জাপুরের বাঁশতৈল রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে কর্মরতরা হরিণটি উদ্ধার করেন।
এলাকাবাসী ও বন বিভাগ সূত্রমতে, আজ বিকেলে হঠাৎ একটি চিত্রা হরিণ দেখতে পান গ্রামবাসী। তাঁরা হরিণটি ধরার জন্য ছুটতে থাকেন। গ্রামবাসী চারদিক থেকে ঘিরে হরিণটি আটক করেন। খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে যান।
ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ জানান, হরিণটি ধরার জন্য পারদিঘী গ্রামের উত্তর-পূর্বের গ্রাম বাসাইল পৌলীর লোকজন দৌড়ে আসেন। ওই গ্রামের লোকজন ছাড়াও একই উপজেলার সিঙ্গার ডাক ও মির্জাপুরের সুতানড়ী এলাকার লোকজনও দৌড়াতে দৌড়াতে পারদিঘী গ্রামে আসেন। পরে গ্রামবাসী হরিণটি আটক করেন।
হরিণটি উদ্ধার করে বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে। এলাকাবাসী হরিণটি ধরার সময় সেটি শিংয়ে আঘাতপ্রাপ্ত হয়েছে।
পারদিঘী গ্রামের গৃহবধূ রুবিয়া আক্তার বলেন, ‘হঠাৎ কইরা হরিণ আইছে। লোকজন চিৎকার পাইড়া জড়ো হয়া ধরছে। হরিণডার মনয় খুব কষ্ট হইছে। আমাগো গ্রামে এমনু কইরা আগে হরিণ দেখি নাই। চিড়িয়াখানায় হরিণ দেখছি। অহন গ্রামেই হরিণ দেখলাম। খুবই ভালো লাগতাছে।’
মির্জাপুরের বাঁশতৈল রেঞ্জ কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, হরিণটি প্রায় চার ফুট লম্বা। ছয়-সাত বছর বয়সী পুরুষ চিত্রা হরিণটির ওজন প্রায় ৩০ কেজি। চলতি খরার মৌসুমে মধুপুর গড় এলাকায় ঘাস মরে যাচ্ছে। গাছের পাতা ঝরে পড়ে ঘাস ঢেকে যাচ্ছে। এতে ওই এলাকায় খাদ্যসংকটের কারণে হরিণটি খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, হরিণটি উদ্ধার করে তাঁদের হেফাজতে নেওয়া হয়েছে। এলাকাবাসী হরিণটি ধরার সময় সেটি শিংয়ে আঘাতপ্রাপ্ত হয়েছে। অপেক্ষাকৃত দুর্বল হয়ে পড়া হরিণটি টাঙ্গাইল বন বিভাগের অধীন চিকিৎসার পর মধুপুরগড়ে ছেড়ে দেওয়া হবে।
ঘটনাস্থল থেকে মধুপুরের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। সেখান থেকে হরিণটি ঘটনাস্থলে আসতে পারে কি না, এমন প্রশ্ন করলে আশরাফুল ইসলাম বলেন, হরিণটি অন্য গ্রাম থেকে ধাওয়া খেয়ে এসেছে। গ্রামবাসীর দেওয়া তথ্য ও অন্যান্য বিষয় বিবেচনায় বোঝা যায়, বন থেকেই হরিণটি লোকালয়ে এসেছে।