মির্জাপুরে চায়না হত্যার ১৭ দিনেও কোনো গ্রেপ্তার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরাধ
প্রতীকী ছবি

১৭ দিন পরও টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংশীনগর গ্রামের বাসিন্দা চায়না আক্তারের (৩০) হত্যার ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ, তবে কারও কাছ থেকে কোনো তথ্য পাওয়া না যাওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয়। এর মধ্যে চায়নার এক ফুফাতো ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ডাকলে তিনি গত মঙ্গলবার বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে টাঙ্গাইলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৬ এপ্রিল নিখোঁজের এক দিন পর গ্রামের একটি জঙ্গল থেকে চায়না আক্তারের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন তাঁর মা শাবজান নেছা বাদী হয়ে মামলা করেন।

শুক্রবার দুপুরে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর গ্রামে চায়না আক্তারের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁদের শোবার ঘর থেকে মাত্র ৩০ ফুট দূরে বাবার কবরের পাশেই চায়নার কবর। তাঁর বৃদ্ধা মা বাড়ির উঠানে বসে মেয়ের কবরের দিকে তাকিয়ে আছেন। ঘরের বারান্দায় বসে আছেন ছোট বোন রওশনারা আক্তার।

রওশনারা আক্তার জানান, প্রায় সাত বছর আগে তাঁদের বাবা মারা গেছেন। পাঁচ বোনের মধ্যে তিন বোনের বিয়ে হয়েছে। চায়না আর তিনি সুদে লোকজনকে টাকা দিতেন। এটিই অভাবের সংসারে একমাত্র আয়ের উৎস ছিল। টাকা আদায় নিয়ে অনেকের সঙ্গে কথা–কাটাকাটি হয়েছে। কিন্তু বড় ধরনের ঝগড়া কখনো হয়নি। তা ছাড়া মৃত্যুর আগ পর্যন্ত চায়না সুদ বাবদ কারও কাছ থেকে টাকা পেতেন না। চায়নার মৃত্যুর ঘটনায় তিনি ওই ফুফাতো ভাইকে দায়ী করেন।

বাঁশতৈল পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে তাঁরা ডেকেছিলেন। তবে কাউকে শনাক্ত করা যায়নি। পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। চায়না আক্তারের ওই আত্মীয়কে পুলিশের নজরে রাখা হয়েছে।