মির্জাপুরে টিকা না পেয়ে ফিরে গেছেন অনেকেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার টিকা
ফাইল ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে করোনার টিকা নিতে এসে অধিকাংশ কেন্দ্র থেকেই লোকজন ফিরে গেছেন। চাহিদার তুলনায় কমসংখ্যক টিকা সরবরাহ থাকায় এ অবস্থা হয়েছে। যাঁরা টিকা পেয়েছেন তাঁরা জানান, সুশৃঙ্খল পরিবেশে টিকা দেওয়া হয়েছে।

আজ শনিবার সকালে উপজেলার ১০টি কেন্দ্রে একযোগে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান এর উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, জামুর্কী ইউপি চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রমতে, প্রথম দিনে পাকুল্যা ছাড়াও উপজেলার বানাইল ইউনিয়নের পাইকপাড়া, তরফপুর ইউনিয়নের শিরঘাটা, মহেড়া ইউনিয়নের গোড়াকী, ফতেপুর ইউনিয়নের হাট ফতেপুর, ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল, বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আনাইতারা ইউনিয়নে ফতেপুর ময়নাল হক ও উয়ার্শী ইউনিয়নের মৈশামূড়া বসন্ত কুমারী উচ্চবিদ্যালয় এবং গোড়াই ইউনিয়নের রাজাবাড়ি কলেজ কেন্দ্রে টিকা প্রদানের কার্যক্রম চলে।

শনিবার বেলা পৌনে একটায় রাজাবাড়ি ডিগ্রি কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, টিকা না পেয়ে লোকজন ফিরে যাচ্ছেন। স্ত্রী আলেয়া বেগমকে নিয়ে টিকা নিতে এসেছিলেন উত্তর নাজিরপাড়া গ্রামের মোতালেব। তিনি জানান, টিকা নিতে আগেই নিবন্ধন করেছিলেন। দুপুর ১২টার দিকে এসে দেখেন টিকা শেষ হয়ে গেছে।

হালিদ্রাচালা গ্রামের আশরাফুল ইসলাম জানান, তিনি ঢাকা থেকে বেলা ১১টার সময় কেন্দ্রে এসেছিলেন টিকা দিতে। এসে লাইনে দাঁড়িয়েছিলেন। কিন্তু টিকার স্বল্পতার কারণে দুই ঘণ্টা দাঁড়িয়ে থেকেও টিকা দিতে পারেননি।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাসলিমা সুলতানা জানান, টিকা প্রদানের জন্য কেন্দ্রটিতে তিনটি বুথ ছিল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম জানান, রাজাবাড়ি কেন্দ্রে লোকজনের ভিড় বেশি ছিল। এ জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যানের অনুরোধে অতিরিক্ত ২০০ জনকে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। ওই কেন্দ্রসহ ১০টি কেন্দ্রে ৬ হাজার ২০০ জনকে টিকা দেওয়া হয়েছে। যাঁরা টিকা দিতে পারেননি, তাঁদের হতাশার কিছু নেই। পর্যায়ক্রমে সবাই টিকা দিতে পারবেন।