মির্জাপুরে শিল্পপার্কের স্থানে বসবাসকারী ভূমিহীন ৩০ পরিবার পাবে জমিসহ ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল জেলার মানচিত্র

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের মমিননগর এলাকায় সরকারি জায়গায় বসবাসকারী ৩০ ভূমিহীন পরিবারকে জায়গাসহ ঘর নির্মাণ করে দেওয়া হবে। আজ বুধবার বিকেলে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গণি এ ঘোষণা দেন।

সংশ্লিষ্ট সূত্রমতে, মমিননগর এলাকায় ৫৫ একর জমিতে বিসিক শিল্পপার্ক হবে। এ জন্য ২০১৬ সাল থেকে সেখানে জমি অধিগ্রহণ ও মাটি ভরাটের কাজ চলছে। অধিগ্রহণকৃত জমির বিভিন্ন অংশ উঁচু ও খালি ছিল। সেখানে দীর্ঘদিন ধরে ৩০ পরিবারের শতাধিক মানুষ ঘর তুলে বসবাস করে আসছিলেন। আজ জেলা প্রশাসক ওই স্থান পরিদর্শনে আসেন। সেখানে তিনি ওই পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য মির্জাপুরের দেওহাটা আশ্রয়ণকেন্দ্রের পাশে পাকা ঘরসহ আড়াই শতক করে জমি দেওয়ার ঘোষণা দেন।

পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য মির্জাপুরের দেওহাটা আশ্রয়ণকেন্দ্রের পাশে পাকা ঘরসহ আড়াই শতক করে জমি দেওয়া হবে।

জেলা প্রশাসক মো. আতাউল গণি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কাউকে ভূমিহীন থাকতে দেবেন না। সে লক্ষ্যেই সরকারি জায়গায় যাঁরা বসবাস করছেন, তাঁদের স্থায়ী বসবাসের জন্য জমিসহ সরকারি খরচে ঘর নির্মাণ করে দেওয়া হবে।

এ ঘোষণায় সেখানকার বাসিন্দা হাওয়া বিবি, শুকুর মিয়া, হালিমা বেগম ও রাহাতুন নেছা বলেন, তাঁদের নিজের জায়গা আর বাসস্থান হবে। এতে তাঁরা খুবই আনন্দিত।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহানা নাসরিন, মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেন, গোড়াই ইউপি চেয়ারম্যান হ‌ুমায়ূন কবির, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি নিরঞ্জন পাল, সাধারণ সম্পাদক এরশাদ মিয়া প্রমুখ।