মির্জাপুরে পিটিসির প্রশিক্ষণার্থী কনস্টেবলদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিসি) প্রশিক্ষণার্থী পুলিশ কনস্টেবলদের (টিআরসি) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে পিটিসির একাডেমিক ভবনের মাঠে অনুষ্ঠিত এ কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আখতার হোসেন।
পিটিসিতে ৫১তম ব্যাচে ৬৮১ জন টিআরসি মৌলিক প্রশিক্ষণ শেষ করে এদিন কুচকাওয়াজে অংশ নেন। প্রধান অতিথি কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে তাঁদের শপথবাক্য পাঠ করানো হয়।
প্রধান অতিথির বক্তৃতায় মো. আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশের পুলিশবাহিনী খুবই সুশৃঙ্খল। দুষ্টের দমন ও শিষ্টের পালনে বলীয়ান হয়ে আপনারা কাজ করেন। অপরাধ নিয়ন্ত্রণসহ মাদক ও সন্ত্রাস নির্মূলে অগ্রগামী থেকে মানবিক পুলিশ হয়ে আপনাদের কাজ করে যেতে হবে।’
এ সময় পিটিসির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান, পুলিশ হেডকোয়ার্টারের ডিআইজি ওয়াই এম বেলালুর রহমান, পিটিসির পুলিশ সুপার আবদুর রহিম শাহ চৌধুরী ও সালমা সৈয়দ পলি, অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাজিবুল হাসান, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে আইনসহ সব বিষয়ে প্রথম স্থান অর্জনকারী উজ্জ্বল দাশ এবং প্যারেড ও শরীরচর্চায় প্রথম জোবায়েরুল হাসান শাহিনের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে অতিথি সারিতে উপস্থিত ছিলেন উজ্জ্বল দাশের মা সুনামগঞ্জ সদরের সাখাইতি গ্রামের দিলাপী তালুকদার। তিনি বলেন, ‘আমাদের ওখানে বন্যা। এরপরও ছেলের প্রথম হওয়ার খবরে আমি এসেছি। স্যারদের অনুপ্রেরণায় আমার ছেলে ভালো করেছে। আমরা খুবই খুশি।’