মির্জাপুরে প্রাথমিক শিক্ষক-সংকটে পাঠদান ব্যাহত
টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১০১টি শিক্ষকের পদ শূন্য। এর মধ্যে প্রধান শিক্ষকের ৪০টি পদও রয়েছে। শিক্ষক-সংকটে এসব বিদ্যালয়ের পাঠদান ও প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, মির্জাপুরে ১৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৪০টি বিদ্যালয়েই প্রধান শিক্ষক নেই। আবার পুরো উপজেলায় সহকারী শিক্ষকের ৬১টি পদ শূন্য। উপজেলার জামুর্কী ইউনিয়নের শুভুল্যা, কদিমধল্যা, চুকুরিয়া ও গুনটিয়া; লতিফুরের বরদাম, ঘাগরাই কুড়াতলী ও ছলিমনগর; তরফপুরের দড়ানীপাড়া, তরফপুর, উত্তর কদমা ও তরফপুর পূর্বপাড়া; আনাইতারার আটিয়া মামুদপুর, চৌবাড়িয়া ও আগচামারী; বানাইলের বানাইল, উয়ার্শীর নতুন কহেলা, খৈলসিন্দুর, উয়ার্শী (উত্তর) ও নিলজা; ভাওড়ার হাড়িয়া, আমরাইল তেলিপাড়া, ভাওড়া নয়াপাড়া, চামুটিয়া, মারিশন কামারপাড়া; বাঁশতৈলের বংশীনগর, বাঁশতৈল, টি. নয়াপাড়া, অভিরামপুর, কটামারা, আউশাচালা, কাহারতা ও বড়চালা; আজগানার পলাশতলী, মজিদপুর, খুইদারচালা; গোড়াইয়ের সোহাগপুর, সৈয়দপুর, ভাতগ্রামের সারটিয়া, ফতেপুরের থলপাড়া এবং বহুরিয়ার দিঘুলিয়া বেত্রাসিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই।
হাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেসমিন আক্তার বলেন, ‘বাড়ির কর্তা না থাকলে যে অবস্থা হয়, আমাদেরও তা-ই হয়েছে। স্কুলের বাইরে প্রশাসনিক কাজ ঠিকমতো করতে খুবই সমস্যা হচ্ছে।’
ছিটমামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী খান জানান, তাঁর স্কুলে ৩৩০ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষকের পদ আটটি। এর মধ্যে চারজনই নেই। ফলে একই শিক্ষককে বারবার ক্লাস নিতে হচ্ছে। বিশ্রাম না নিয়ে পড়াতে হয়। ফলে পাঠদানে শিক্ষকদের স্বাভাবিক মানসিক প্রস্তুতি থাকছে না।
মির্জাপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সহিনুর রহমান খান জানান, তাঁর বিদ্যালয়ে চারটি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। পাঠদানের জন্য শিক্ষকদেরও মানসিকভাবে প্রস্তুতি নিতে হয়। কিন্তু শিক্ষক-সংকটের কারণে তাঁরা সে প্রস্তুতি নিতে পারেন না। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। বিষয়টি বিবেচনায় রেখে পদ শূন্য থাকা সব বিদ্যালয়ের শিক্ষকের পদ পূরণ করা জরুরি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, শিক্ষকদের পদ শূন্য থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।