মির্জাপুরে বেড়াতে এসে বাসচাপায় প্রাণ হারাল কিশোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাসচাপায় নিহত ফিরোজ হোসেন
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলচালক ফিরোজ হোসেন (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ডের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

ফিরোজ মোটরসাইকেলে করে তার বন্ধু সাইদুরের সঙ্গে মির্জাপুরে বেড়াতে এসেছিল। এ ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেলের আরোহী সাইদুর হাসপাতালে চিকিৎসাধীন। ফিরোজ উপজেলার তরফপুর ইউনিয়নের গাজেশ্বরী গ্রামের চাঁন মিয়ার ছেলে।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল হক প্রথম আলোকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত ফিরোজের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং যাত্রীবাহী বাসটি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ফিরোজ বন্ধু সাইদুরের সঙ্গে মোটরসাইকেলে করে মির্জাপুরে বেড়াতে এসেছিল। টাঙ্গাইলের মধুপুরগামী বিনিময় পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ফিরোজ নিহত হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় সাইদুরকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।