টাঙ্গাইল–৭ আসনে উপনির্বাচন
মির্জাপুরে ভোটকেন্দ্রের বাইরে ভ্রাম্যমাণ দোকান, ক্ষুদ্র ব্যবসায়ীদের বাড়তি আয়
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচন ঘিরে উপজেলার ঝোপবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে বসেছিল ভ্রাম্যমাণ দোকানের পসরা। সকাল থেকে কেন্দ্রের পাশে মিষ্টান্ন, চা, খেলনার প্রায় ১৫টি দোকান নিয়ে বসেছিলেন স্থানীয় ব্যক্তিরা। কেন্দ্রের নির্ধারিত এলাকার ভেতরে নীরবতা থাকলেও, বাইরের দোকানগুলোতে উৎসবমুখর পরিবেশ ছিল।
আজ রোববার সকালে কেন্দ্রের দক্ষিণ পাশে গিয়ে দেখা যায়, ভ্রাম্যমাণ দোকান ঘিরে ছোট থেকে বড় বিভিন্ন বয়সী মানুষের ভিড়। কেন্দ্রে ভোট দিতে আসা বিল্লাল হোসেন (৫০) চা পান করছিলেন। তিনি বলেন, কেন্দ্রের আশপাশে কোনো দোকানপাট নেই। শীতের সকালে ভোট দিতে এসে চা পানের কোনো ব্যবস্থা ছিল না। এই দোকানগুলো বসাতে ভালোই হয়েছে।
চিতেশ্বরী গ্রামের চা-দোকানি ফিরোজা বেগম (৬০) বলেন, ‘সকাল সকাল দোকান নিয়া আইছিলাম। আমার মতো ম্যালা মানুষ আইছে। ভোট শুরুর আগেই দোকানে বেচাকেনা শুরু অয়। আমাগো এনে ভোটের জন্য সবাই খুশি। বাড়তি ট্যাকা কামাই করন যাইব।’
বাদাম বিক্রেতা মো. জামাল উদ্দিন বলেন, ২০ হাজার টাকার বাদাম নিয়ে বসেছেন। সকাল ৮টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত প্রায় চার হাজার টাকার বাদাম বিক্রি করেছেন। ভোটারসহ জনসমাগম বেশি হলে সব কটি বাদাম বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।
উপজেলার আরেক ভোটার ও উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি কাদের সিকদার বলেন, ভোটকেন্দ্রটি একটু দুর্গম জায়গায় অবস্থিত। এখানে কোনো দোকানও নেই। ভ্রাম্যমাণ দোকানগুলো ভোটারসহ স্থানীয় ব্যক্তিদের সাময়িক চাহিদা মেটাচ্ছে। বিষয়টি খুবই ভালো হয়েছে।