মির্জাপুরে রণদার পূজামণ্ডপ পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন আজ মঙ্গরবার টাঙ্গাইলের মির্জাপুরের দানবীর রণদা প্রসাদ সাহার পূজামণ্ডপ ও কুমুদিনী হাসপাতাল পরিদর্শন করেন
ছবি : প্রথম আলো

টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টায় তিনি মির্জাপুরের কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছান।

ব্রিটিশ হাইকমিশনারকে কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, কুমুদিনী নার্সিং কলেজের অধ্যাপক রিনা ক্রুস ও হাসপাতালের চিকিৎসকেরা স্বাগত জানান। পরে তিনি কুমুদিনী লাইব্রেরিতে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে হাসপাতাল চত্বর ও ল্যাব পরিদর্শন করেন।

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন সেখান থেকে ডিঙি নৌকায় লৌহজং নদ পার হয়ে রণদার বাড়ির দুর্গামণ্ডপ পরিদর্শন করেন। তিনি সেখানে পূজা উপভোগ করেন। মঙ্গল প্রদীপের আশীর্বাদ নেন। এ সময় ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জাবেদ পাটেল, কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক (শিক্ষা) ভাষাসৈনিক প্রতিভা মুৎসুদ্দি, পরিচালক শ্রীমতি সাহা, পরিচালক শম্পা সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন ও টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) আবু মুসা উপস্থিত ছিলেন।

পূজামণ্ডপ পরিদর্শনের পর রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, দুর্গাপূজায় বর্ণিল রঙের নানা আয়োজন হয়েছে। এ আয়োজনে আসতে পেরে তিনি ধন্য। করোনার কারণে এ দেশে উৎসবটিতে গত বছর ভাটা পড়েছিল। তবে এ বছর তা পরিলক্ষিত হচ্ছে না। সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে। তিনি দানবীর রণদা প্রসাদ সাহা প্রতিষ্ঠিত কুমুদিনী হাসপাতাল ও অন্যান্য স্থাপনার কার্যক্রমের প্রশংসা করে শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য রণদাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

হাইকমিশনার মধ্যাহ্নভোজের পর ঢাকার উদ্দেশে মির্জাপুর ত্যাগ করেন।