মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দৈনিক নয়াদিগন্তের সহকারী বিক্রয় ব্যবস্থাপক মাসুদ রানা (৩৫) নিহত হয়েছেন। আজ রোববার বিকেল পৌনে তিনটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার কদিমধল্যা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বগুড়ার শেরপুর উপজেলার সূত্রাপুর গ্রামের মাসুদ রানা বাড়ি থেকে মোটরসাইকেলে করে ঢাকা যাচ্ছিলেন। পথে মহাসড়কের ওই স্থানে পেছন থেকে একটি গাড়ি তাঁর মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় তাঁর আর্তচিৎকার শুনে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হাসেম মিয়া জানান, মাসুদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। কোন যান মোটরসাইকেলটি চাপা দিয়েছে তা খোঁজে বের করার চেষ্টা চলছে।