মির্জাপুরে ১২৮ বছর বয়সীর মৃত্যু
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সবচেয়ে প্রবীণ ব্যক্তি আইন উদ্দিন মিয়ার মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে তিনি নিজ বাড়িতে মারা যান। তাঁর বাড়ি উপজেলার গোড়াই ইউনিয়নের কদিম দেওহাটা গ্রামের কচুয়াপাড়া এলাকায়। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, আইন উদ্দিনের জন্ম ১৮৯৩ সালের ১০ মে। সে হিসাবে তাঁর বয়স হয়েছিল ১২৮ বছর।
আইন উদ্দিনের পরিবার সূত্রে জানা যায়, তাঁর ছেলেমেয়ে ১৭ জন। ১১ ছেলে ও ৬ মেয়ে। তাঁদের মধ্যে এখন জীবিত আছেন দুই ছেলে ও এক মেয়ে। আইন উদ্দিনের নাতি ইয়াছিন মিয়া বলেন, ‘দাদা আমাদের জন্য বটগাছের ছায়ার মতো ছিলেন। এই ছায়া হারানোর শোক সইতে খুব কষ্ট হচ্ছে।’
আইন উদ্দিনের ভাতিজা গোড়াই ইউনিয়ন পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান মিয়া বলেন, তাঁর চাচা আইন উদ্দিন মক্তব থেকে আরবি শিক্ষা গ্রহণ করেন। পরবর্তী সময় তিনি স্থানীয়ভাবে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। তিনি কলাপাতায় পাখির পালক দিয়ে লিখতেন বলে গল্প শুনেছেন। শাজাহান মিয়ার দাবি, আইন উদ্দিন বঙ্গভঙ্গ রদ, স্বদেশি আন্দোলন ও বাঙালির স্বাধিকার আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন তিনি।
আইন উদ্দিনের নাতি গোড়াই ইউনিয়ন (পশ্চিম) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সময় তাঁর দাদা বয়সের ভারে ন্যুব্জ ছিলেন। তারপরও তিনি স্বজনের কাঁধে ভর করে দেওহাটা আলহাজ জোনাব আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট দেন।
বীর মুক্তিযোদ্ধা শাজাহান মিয়া বলেন, তাঁর চাচা এলাকার সবচেয়ে প্রবীণ ব্যক্তি ছিলেন। আজ জোহরের নামাজের পর কদিম দেওহাটা জামে মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।