মিলানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল আসেম সম্মেলনে যোগ দিতে ইতালির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এ সময় বিমানবন্দরে তিনি মন্ত্রী, বিদেশি কূটনৈতিক এবং উচ্চপর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন l ছবি: বাসস
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল আসেম সম্মেলনে যোগ দিতে ইতালির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এ সময় বিমানবন্দরে তিনি মন্ত্রী, বিদেশি কূটনৈতিক এবং উচ্চপর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন l ছবি: বাসস

এশিয়া-ইউরোপ মিটিংয়ের (আসেম) দশম শীর্ষ সম্মেলনে যোগ দিতে গতকাল বুধবার বিকেলে ইতালির মিলানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার আসেম শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী ইউরোপের কয়েকটি দেশের প্রধানমন্ত্রী ও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। খবর বাসসের।
এর আগে গতকাল সকাল ১০টা পাঁচ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। স্থানীয় সময় বিকেল চারটার দিকে ফ্লাইটটি মিলানে পৌঁছায়।
আসেম সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি, গ্রিসের প্রধানমন্ত্রী আন্তোনিওস সি সামারাস, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট ও সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লফভেনের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হারমান ভ্যান রুম্পি এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল বারোসোর সঙ্গে দেখা করবেন।
১৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন।
প্রধানমন্ত্রীর ইতালি সফর নিয়ে গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, জলবায়ু পরিবর্তন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি), দুর্যোগ ব্যবস্থাপনা ও এশিয়া-ইউরোপের মধ্যে যোগাযোগ সম্প্রসারণের মতো বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে। এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের প্রধান প্রধান উন্নয়ন সহযোগী ইউরোপীয় দেশগুলোর কাছে দেশের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা হবে।
২০১২ সালে ৫১ সদস্যের আসেমের সদস্য হয় বাংলাদেশ।