মিশ্র ফল চাষে সফল পোরশার রায়হান
৫০ বিঘা জমিজুড়ে আড়াই বছর আগে নাবি জাতের (মৌসুমের শেষ দিকের ফল) গৌড়মতি আমের সাত হাজার গাছ লাগান কৃষক রায়হান আলম (৪৫)। গাছ লাগানোর তিন মাস পর আমগাছের সারির ফাঁকা জায়গায় থাই জাতের ৫ হাজার ২০০টি পেয়ারাগাছ লাগান। পেয়ারাগাছ লাগানোর এক বছরের মাথায় গত বছর প্রথম ফলন পান। এবার ছয় মাস পেয়ারা বিক্রি করছেন। প্রতি সপ্তাহে ৫০ থেকে ৬০ মণ পেয়ারা নামছে তাঁর বাগান থেকে।
রায়হানের এই মিশ্র ফলের বাগান নওগাঁর পোরশা উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে ছাওড় ইউনিয়নের বন্ধুপাড়া এলাকায় অবস্থিত। তাঁর এই বাগান থেকে ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত পেয়ারা বিক্রি করেছিলেন ১০ লাখ টাকার। চলতি মৌসুমে গত বছরের আগস্ট থেকে এখন পর্যন্ত ৩৫ লাখ টাকার পেয়ারা বিক্রি করেছেন। বাকি তিন মাসে আরও ২০ লাখ টাকার পেয়ারা বিক্রির আশা করছেন রায়হান।
রায়হানের বাগানে আমগাছে এখনো ফলন না এলেও, তাঁর দেখাদেখি গৌড়মতি আম চাষের জন্য আগ্রহী অনেকেই তাঁর গাছের ডাল কিনে নিয়ে কলম চারা করেছেন। গৌরমতির কলম চারার জন্য চাষিদের কাছে গত বছর ৭ লাখ টাকার ডাল বিক্রি করেছেন রায়হান। সবকিছু ঠিক থাকলে এ বছর তাঁর আমগাছে ফলন আসার কথা। প্রথম বছরেই ৫০ থেকে ৬০ লাখ টাকার আম বিক্রি হবে বলে তিনি আশা করছেন। সব মিলিয়ে মিশ্র ফলের বাগানটি থেকে এ বছরেই ১ কোটি ১৫ থেকে ২০ লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন তিনি।
সম্প্রতি রায়হানের বাগানে গিয়ে দেখা যায়, গৌড়মতি জাতের আমগাছের সারির ফাঁকে থাই পেয়ারার গাছ। এসব গাছে সবুজ পাতার ফাঁকে ফাঁকে ছোট-বড় পেয়ারা ঝুলছে। গাছের কোনো কোনো ডালে ফুল ও মুকুল ধরে আছে। গাছে ধরা প্রতিটি পেয়ারার পলিথিন দিয়ে ব্যাগিং করা হয়েছে। বাগানে সাত থেকে আটজন শ্রমিক বিভিন্ন দলে ভাগ হয়ে পেয়ারা ও আমগাছ পরিচর্যার কাছ করছেন।
বাগান ঘুরতে ঘুরতে রায়হান আলম বলেন, ২০১৯ সালে বন্ধুপাড়া গ্রামের মাঠে ৫০ বিঘা জমি ১২ বছরের জন্য ইজারা নিয়েছেন। বছরে প্রতি বিঘা জমির জন্য মালিকদের ২০ হাজার টাকা করে দিতে হয়। শুরুর দিকে শুধু নাবি জাতের গৌড়মতি আমগাছ চাষের সিদ্ধান্ত ছিল। আমগাছ লাগানোর কিছুদিন পর বাগান পরিদর্শনে এসে ছাওড় ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আমগাছের সারির ফাঁকা জায়গাগুলোতে পেয়ারাগাছ লাগানোর পরামর্শ দেন। পরামর্শমতো চুয়াডাঙ্গা থেকে থাই পেয়ারার চারা সংগ্রহ করেন। ২০১৯ সালের ডিসেম্বরে এসব চারা রোপণ করেন। চারা লাগানোর ১০ মাসের মাথায় গাছগুলোতে ফুল আসতে শুরু করে।
রায়হানের গ্রামের বাড়ি সাপাহার উপজেলার তিলনা ইউনিয়নের দোয়াশ গ্রামে। মধ্যবিত্ত কৃষক পরিবারে জন্ম তাঁর। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনিই বড়। উচ্চমাধ্যমিকে পড়াশোনা করা অবস্থায় ২০০৪ সালে শখের বশে বাড়ির পাশে নিজেদের চার বিঘা জমিতে আম্রপালি গাছের বাগান করেন। দুই বছরের মাথায় আম বিক্রি করে দেড় লাখ টাকা আয় করেন। এভাবে প্রতিবছর নিজের বাগান থেকে লাভের টাকা খরচ না করে রায়হান টাকা জমাতে থাকেন। ২০০৯ সালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক বিজ্ঞান বিষয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করার পর চাকরির পেছনে না ছুটে নিজের বাগান থেকে উপার্জিত টাকা দিয়ে সাপাহার উপজেলার হরিকুণ্ডু-জামালপুর মাঠে ২৫ বিঘা জমি ইজারা নিয়ে আরও একটি আমবাগান গড়েন। এরপর প্রতিবছর পুঁজি বাড়তে থাকলে রায়হান তাঁর বাগানের পরিমাণও বাড়াতে থাকেন।
পোরশার বন্ধুপাড়া এলাকায় ৫০ বিঘার মিশ্র বাগান ছাড়াও পোরশা, সাপাহার ও পত্নীতলা উপজেলার বিভিন্ন এলাকায় বর্তমানে রায়হানের ২০০ বিঘার বিভিন্ন ফলদ বাগান আছে। এসব বাগানে তাঁর প্রায় আড়াই কোটি টাকার বিনিয়োগ।
রায়হান বলেন, ‘আমি ততটা মেধাবী নই। চাকরি করে জীবনে সফল হওয়া আমার জন্য কঠিন হতো। আমি মনে করি, চাকরি না করে কৃষি উদ্যোক্তা হয়ে আমি ভালো সিদ্ধান্ত নিয়েছি। কারণ, কৃষি উদ্যোক্তা হয়ে আমি আমার বাগান থেকে বছরে এখন দেড় থেকে দুই কোটি টাকা আয় করছি। পাশাপাশি আমার বাগানে নিয়মিত ২০ থেকে ২৫ জন মানুষ করে তাঁদের জীবিকা নির্বাহ করছেন। চাকরি করে এত টাকা আয় করা এবং এত মানুষের উপার্জনের ব্যবস্থা করা আমার পক্ষে সম্ভব হতো কি না জানি না।’
পোরশার উপসহকারী কৃষি কর্মকর্তা সেলিম রেজা বলেন, রায়হানে শুধু আম চাষ করলে এই বাগান থেকে বছরের দুই থেকে তিন মাস উৎপাদন পেতেন। এখন বাড়তি লাভ পাচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জিব কুমার সরকার বলেন, ১০-১২ বছর ধরেই পোরশা, সাপাহার ও পত্নীতলায় মানুষের মধ্যে ফলের বাগান করার প্রবণতা দেখা যাচ্ছে।