১৮ জেলেকে ফেরত দেয়নি মিয়ানমার, পরিবারগুলোয় আতঙ্ক
আজ বৃহস্পতিবার বিকেলে শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ায় ঢুকতেই দূর থেকে কানে ভেসে আসে বিলাপের উচ্চ শব্দ। ‘ও আল্লাহ মর পোয়া রে, তুয়ারা আনি দ না...’ (আল্লাহ আমার ছেলেকে এনে দাও) বলে বিলাপ করছিলেন জেলে হেলালের মা নুর বেগম। বঙ্গোপসাগরে মাছ শিকার করে ফেরার পথে অস্ত্রের মুখে জিম্মি করে ৪টি নৌকাসহ ১৮ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। তাঁদেরই একজন হেলাল। গত মঙ্গলবার বিকেলে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাঁদের ধরে নিয়ে যাওয়া হয়।
ওই ১৮ জেলেকে এখনো ফেরত দেয়নি মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী। এ নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছে জেলে পরিবারগুলো। হেলালের মতোই প্রত্যেক জেলের ছেলেমেয়ে, মা–বাবা ও আত্মীয়স্বজন কান্নায় ভেঙে পড়েন। তাঁদের ফেরত পেতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পক্ষ থেকে ওই জেলেদের ফেরত চেয়ে কথা বলার অ্যাপ ভাইবারের মাধ্যমে যোগাযোগ করা হয়। বিষয়টি খতিয়ে দেখবে বলে আশ্বস্ত করেছেন মিয়ানমার কর্তৃপক্ষ। এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সালাম বলেন, ধরে নিয়ে যাওয়া ১৮ জেলে কোথায় এবং কীভাবে আছেন, সেটা জানে না পরিবারগুলো। তাই তারা বিলাপ করছে। মাছ শিকার শেষে ফেরার পথে একটি কাঠবোঝাই ট্রলার ডুবে যায়, যেটির উদ্ধারকাজে অংশ নেন এসব জেলে। তাঁরা কিছু কাঠ উদ্ধারও করেন। পরে ৪টি নৌকাসহ ১৮ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের বিজিপি। এ ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন ও বিজিবি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া ক্ষুদ্র মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আবদুল গনি বলেন, ধরে নিয়ে যাওয়া ১৮ জেলের সবাই বাংলাদেশের বাসিন্দা। মিয়ানমার কর্তৃপক্ষ কোথায় ধরে নিয়ে গেছে, সেটি সুনির্দিষ্টভাবে জানতে না পারায় পরিবারগুলোর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জেলেদের ফেরত পেতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছে পরিবারগুলো।
এ প্রসঙ্গে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার প্রথম আলোকে বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় মিয়ানমারের বিজিপির সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। প্রথমে কোনো ধরনের সাড়া না দিলেও পরবতী সময়ে স্বীকার করতে বাধ্য হয়েছে তারা। দ্রুত জেলেদের ফেরত দিতে তাগিদ দেওয়া হচ্ছে।
মিয়ানমারের বিজিপির হাতে আটক জেলেরা হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার মোহাম্মদ জসিম (২৫), সাইফুল ইসলাম (২৩), মো. ফয়সাল (২৩), আবু তাহের (২২), মো. ইসমাইল (২০), মো. ইসহাক (২৪), আবদুর রহমান (২৪), নুর কালাম (২৬), মো. হোসেন (২২), মোহাম্মদ হাসমত (২৫), মোহাম্মদ আকবর (২৩), নজিম উল্লাহ (১৯), মোহাম্মদ রফিক (২০), মোহাম্মদ সাব্বির (২৫), মোহাম্মদ হেলাল (২৫), রেজাউল করিম (১৮), মোহাম্মদ রমজান (১৬) ও মো. জামাল (২১)।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, ৪টি নৌকাসহ ১৮ বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে জানানো হয়েছে।