মিয়ানমারের বাহিনীর গুলি, বাংলাদেশি জেলে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাফ নদী
ফাইল ছবি

কক্সবাজার সীমান্তসংলগ্ন নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) গুলির পর বাংলাদেশি এক জেলের খোঁজ পাওয়া যাচ্ছে না। গতকাল বুধবার সকালের দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় নাফ নদীতে এ ঘটনা ঘটে।

জেলে নিখোঁজের তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন টেকনাফ-২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। তিনি জানান, ঘটনার পর নদী সাঁতরে গুরা মিয়া (৩৫) নামের এক জেলে অক্ষত অবস্থায় ফিরে এলেও মোহাম্মদ ইলিয়াছ (৫০) নামের আরেক জেলে নিখোঁজ। এই দুই জেলে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা।

গুরা মিয়া বলেন, নাফ নদীতে মাছ ধরার সময় তাঁদের দুজনের দিকে গুলি ছোড়া হয়। এ সময় দুজনই নৌকা থেকে পানিতে লাফ দেন। তিনি সাঁতরে টেকনাফে চলে যেতে পারলেও মোহাম্মদ ইলিয়াছ এখনো নিখোঁজ।

বিজিবির অধিনায়ক শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, এই দুই জেলে গতকাল সকালে নাফ নদীর টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অন্তত ১০০ গজ ভেতরে ঢুকে মাছ ধরছিলেন। একপর্যায়ে মিয়ানমারের বিজিপি সদস্যরা তাঁদের থামার জন্য নির্দেশ দিলে তাঁরা বাংলাদেশের জলসীমার দিকে পালিয়ে আসার চেষ্টা করেন। এতে দুই জেলেকে লক্ষ্য করে বিজিপি গুলি ছোড়ে। তখন জেলেরা নৌকা থেকে লাফ দেন। গুরা মিয়া অক্ষত অবস্থায় ফিরে এলেও আরেকজন এখনো নিখোঁজ।

শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, নিখোঁজ জেলের ভাগ্যে কী ঘটেছে, বিজিবি এখনো নিশ্চিত নয়। সে গুলিবিদ্ধ হয়ে নিখোঁজ রয়েছে, নাকি বিজিপির সদস্যরা ধরে নিয়ে গেছেন, তা এখনো জানা যায়নি। ঘটনার পর থেকে মিয়ানমারের বিজিপির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। চিঠি পাঠিয়ে নিখোঁজ থাকা জেলের ব্যাপারে নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে।

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী বলেন, মিয়ানমারের ওই পাড়ে মঙ্গলবার রাত আটটার দিকে মিয়ানমারের একই এলাকায় ৮-১০ রাউন্ড গুলির শব্দ শুনতে পান স্থানীয় লোকজন। তবে গতকাল বিকেলের দিকে মিয়ানমার জলসীমার ভেতরে মানুষের মতো দেখতে কিছু একটা ভাসতে দেখা যাচ্ছে বলে তিনি স্থানীয় লোকজনের কাছ থেকে শুনেছেন।