মুক্ত আসরের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মুক্তিযুদ্ধবিষয়ক সংগঠন মুক্ত আসর চট্টগ্রাম শাখার উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা গত ৩১ মার্চ নগরের দেওয়ান বাজার এলাকার সহযাত্রিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ৩২ পথশিশু অংশ নেয়। স্বাধীনতা দিবস উপলক্ষে ‘রং-তুলিতে বাংলাদেশ’ শীর্ষক এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মুক্ত আসরের চট্টগ্রাম শাখার আহ্বায়ক মোছাম্মৎ হালিমা বলেন, ‘পথশিশুদের মেধা ও মনন অন্য শিশুদের মতোই। শুধু সুযোগের অভাবে তাদের প্রতিভা প্রকাশ করতে পারে না। এই লক্ষ্যে মুক্ত আসর চেয়েছিল ভিন্ন কিছু করতে। তাই আজকের এই আয়োজন। আমরা বাংলাদেশকে আঁকতে চাই হৃদয় দিয়ে।’
প্রতিযোগিতায় বিচারক ছিলেন নুসরাত জাহান, আহমেদ করিম ও পৃথিষ্টা বৈদ্য। দুই বিভাগে ছয়জনকে বিজয়ী ঘোষণা করা হয়। এই ছয়জনসহ অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ইকবাল আহমেদ, মোহাম্মদ হানিফ সোহান, আরিফুল ইসলাম, মোহাম্মদ রাসেল, সহযাত্রিক বিদ্যালয়ের কাজী কামরান, মোহাম্মদ জুয়েল প্রমুখ। বিজ্ঞপ্তি