মুক্তিপণ চেয়ে রাতে বাবাকে হুমকি, সকালে মিলল স্কুলছাত্রের লাশ
বগুড়ার কাহালুতে নিখোঁজের দুদিন পর হাত-পা বাঁধা অবস্থায় সাব্বির হাসান (১৪) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে প্রায় ১২ কিলোমিটার অদূরে পার্শ্ববর্তী শাজাহানপুর উপজেলার খড়না ইউনিয়নের জগন্নাথপুরে সড়কের পাশের খালে লাশটি পাওয়া যায়।
ছিনতাইকারীরা চালক সাব্বির হাসানকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে কিশোর সাব্বিরের বাবা গোলাম রব্বানী দাবি করেছেন, ইজিবাইক ছিনতাই নয়, মুক্তিপণ আদায়ের জন্যই তাঁর ছেলেকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণের টাকা জোগাড় করতে দেরি হওয়ায় অপহরণকারীরা ছেলেকে হত্যা করেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, কাহালু জামগ্রামের জামাইপাড়ার দিনমজুর গোলাম রব্বানীর বসতবাড়ি ছাড়া সহায়–সম্বল বলতে কিছুই নেই। দিনমজুরির আয়ে দুই ছেলে রাব্বি হাসান (১৬) ও সাব্বির হাসান (১৪) জামগ্রাম উচ্চবিদ্যালয়ে দশম ও অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে। স্কুল বন্ধ থাকায় ছোট ছেলে সংসারে আয়-উপার্জনের জন্য ইজিবাইক চালাতে চায়। অন্যের কাছে ধারদেনা করে ১ লাখ ৩৫ হাজার টাকায় ৪-৫ মাস আগে তাকে একটি ইজিবাইক কিনে দেন গোলাম রব্বানী। মাঝেমধ্যে ছেলের পাশাপাশি তিনিও ইজিবাইক চালাতেন।
ধারদেনা করে মুক্তিপণ শোধ দেওয়ার কথা বলি। ছেলেকে একনজর ভিডিও কলে দেখার জন্য আকুতি–মিনতি করি। কিন্তু কোনো কিছুতেই মন গলে না তাদের।
গোলাম রব্বানীর ভাষ্যমতে, গত মঙ্গলবার দুপুরের খাবার খেয়ে সাব্বির হাসান বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হয়। বিকেলে জামগ্রাম থেকে দক্ষিণ জামগ্রাম পর্যন্ত ৫ টাকা ভাড়ায় যাত্রী পরিবহন করছিল। সন্ধ্যা ৬টার দিকে জামগ্রাম ইজিবাইক স্ট্যান্ডে সাব্বিরের সঙ্গে রব্বানীর সর্বশেষ দেখা হয়। তখন তিনি সাব্বিরকে বাড়ি গিয়ে পড়াশোনা করতে বলেন। সাব্বির তাঁকে বলে, আর এক ট্রিপ দিয়ে বাড়ি আসবে। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেলেও সাব্বির আর ফেরেনি। সারা রাত খোঁজাখুঁজি ও অপেক্ষার পর বুধবার কাহালু থানায় গিয়ে সাধারণ ডায়েরি করেন।
গোলাম রব্বানী বলেন, বুধবার সন্ধ্যা থেকে অপহরণকারী পরিচয়ে একটি নম্বর থেকে বারবার ফোন আসতে থাকে। তিন লাখ টাকা মুক্তিপণ না দিলে ছেলের ‘বস্তাবন্দী লাশ উপহার’ পাঠানোর হুমকি দেওয়া হয়। রাতে ১৫ থেকে ১৬ দফা ফোনে কথা হয়। তিনি অনেক আকুতি–মিনতি করেন। তিনি অপহরণকারীদের বলেন, ‘আমি গরিব মানুষ। দিনমজুরি দিয়ে সংসার চলে। এত টাকা কই পাব? তবুও ধারদেনা করে মুক্তিপণ শোধ দেওয়ার কথা বলি। ছেলেকে একনজর ভিডিও কলে দেখার জন্য আকুতি–মিনতি করি। কিন্তু কোনো কিছুতেই মন গলে না তাদের।’ এরপর তিনি ছেলেকে ফিরে পেতে কাহালু থানা-পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ অপহরণকারীদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ চালিয়ে যেতে বলে।
বৃহস্পতিবার সকাল নয়টায় খবর আসে শাজাহানপুর উপজেলার জগন্নাথপুরে কালভার্টের নিচে খাল থেকে সাব্বিরের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে।
কাহালু থানার পরিদর্শক (তদন্ত) হারুন উর রশীদ প্রথম আলোকে বলেন, স্কুলছাত্র সাব্বির নিখোঁজের বিষয়টি উল্লেখ করে বাবা গোলাম রব্বানী থানায় সাধারণ ডায়েরি করেছেন। কিন্তু ছেলেকে অপহরণ করে কেউ মুক্তিপণ দাবি করছেন, এমনটা তিনি জিডিতে উল্লেখ করেননি।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাইকারীরা যাত্রীবেশে উঠে পড়েছিল। কিশোর সাব্বির হাসান ছিনতাইয়ে বাধা দিলে শ্বাসরোধে তাকে হত্যার পর লাশ খালে ফেলে দিয়ে ইজিবাইক নিয়ে পালিয়েছে। এ বিষয়ে এখনো মামলা হয়নি। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।