মুক্তিযুদ্ধে মির্জা ফখরুলের এক আনাও অবদান নেই: রেলপথমন্ত্রী
যাঁরা পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার ক্ষেত্র তৈরি করেছিলেন, সেই স্বাধীনতাবিরোধী শক্তি এখনো দেশের জন্য বাধা হয়ে আছে বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম।
তিনি বলেন, ‘এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদিন একটা করে বক্তব্য দেন, তাঁর বাড়ি আমার বাড়ির পাশে। আমার জানা আছে, মুক্তিযুদ্ধে তাঁর এক আনাও অবদান নেই।’
আজ মঙ্গলবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় নূরুল ইসলাম এ কথা বলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
রেলপথমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে মির্জা গোলাম হাফিজেরও এক আনা অবদান নেই। মুক্তিযুদ্ধের সময় শফিউল আলম প্রধান ছিলেন ছাত্রনেতা। তিনি ৯ মাস তেঁতুলিয়ায় বন্দী ছিলেন। শফিউলের মা, বাবা, ভাইবোন—সবাইকে কিডন্যাপ করে ভারতে নিয়ে যান মুক্তিযোদ্ধারা। তাঁরা সবাই জেলে বন্দী ছিলেন। পঁচাত্তরের পর জিয়াউর রহমান সবাইকে মুক্ত করে দেন। এসব খুনি নিয়েই বিএনপির রাজনীতি।
নূরুল ইসলাম আরও বলেন, ‘বিএনপি রেলপথ ধ্বংস করে দিয়েছিল, আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেটাকে উদ্ধার করেছে। আমরা রেলপথকে সম্পূর্ণরূপে ব্রডগেজে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি। আশা করছি, এই বছরের ডিসেম্বরে ঢাকা-কক্সবাজার রেলপথ জনগণের জন্য উন্মুক্ত করা হবে। সেটা যদি সম্ভব না–ও হয়, তাহলে অবশ্যই ২০২৩ সালের জুনে চালু করা হবে।’
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) নুরুল আলম, সহ-উপাচার্য (প্রশাসন) শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ রাশেদা আখতার, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন কমিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক অজিত কুমার মজুমদার, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ প্রমুখ।