মুক্তিযুদ্ধে শহীদ তিন শিক্ষকের প্রয়াণদিবস পালন করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ বুদ্ধিজীবী সুখরঞ্জন সমাদ্দার, হবিবুর রহমান ও মীর আব্দুল কাইয়ুম (বাঁ থেকে)
ছবি: সংগৃহীত

১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী তিন শিক্ষকের প্রয়াণদিবস প্রাতিষ্ঠানিকভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৬ মার্চ রাতে বিশ্ববিদ্যালয়ের ৫১২তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

আজ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাধীনতার ৫১ বছর পরে বিশ্ববিদ্যালয়ে এই প্রথম মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত তিন শিক্ষকের প্রয়াণদিবস প্রাতিষ্ঠানিকভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হলো।

সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৭১ সালে নির্মম হত্যাকাণ্ডের শিকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের শিক্ষক শহীদ সুখরঞ্জন সমাদ্দার, গণিত বিভাগের শিক্ষক শহীদ হবিবুর রহমান ও মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক শহীদ মীর আব্দুল কাইয়ুমের প্রয়াণদিবস নিজ নিজ বিভাগ ও বিশ্ববিদ্যালয়ে তাঁদের নামের স্থাপনাগুলোতে পালনের সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ ও স্থাপনাগুলোর দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের সার্বিক সহযোগিতা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

১৯৭১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে তিনজন শিক্ষক ও বুদ্ধিজীবীকে নৃশংসভাবে হত্যা করা হয়, সুখরঞ্জন সমাদ্দার তাঁদেরই একজন। ১৯৭১ সালের ১৩ এপ্রিল পাকিস্তানি সেনারা রাজশাহী নগরে প্রবেশ করে। সেদিন সন্ধ্যায় যুদ্ধে আহত একজন বাঙালি মুক্তিযোদ্ধা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুখরঞ্জন সমাদ্দারের বাসায় আশ্রয় নিয়েছিলেন। ওই মুক্তিযোদ্ধাকে আশ্রয় দিলে বিপদ হতে পারে জেনেও তিনি তাঁকে আশ্রয় দেন ও তাঁর সেবা করেন। পরদিন ১৪ এপ্রিল সকালে পাকিস্তানি বাহিনী সুখরঞ্জন সমাদ্দারকে ধরে নিয়ে যায়। ঘাতকেরা সেদিনই তাঁকে নির্মমভাবে হত্যা করে ফেলে যায়। তাঁর বাসার গোয়ালা গুলিবিদ্ধ সুখরঞ্জনকে মাটিচাপা দেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর দেহাবশেষ তুলে এনে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে পুনরায় সমাহিত করে।

১৯৭১ সালের ১৫ এপ্রিল পাকিস্তানি বাহিনী গণিত বিভাগের শিক্ষক হবিবুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের বাসভবন থেকে ধরে নিয়ে যায়। এরপর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তিনি যুদ্ধের সময় বিশ্ববিদ্যালয়ে থেকে যান এবং মুক্তিবাহিনীর সদস্যদের নানাভাবে সহযোগিতা করেন।

১৯৭১ সালের ২৫ নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী শহর থেকে মীর আবদুল কাইয়ুমসহ মোট ১৪ জনকে (মতান্তরে ১৭ জন) আটক করে। তারপর তাঁদের পদ্মা নদী-সংলগ্ন বোয়ালিয়া ক্লাবের কাছে নিয়ে হাত বেঁধে জীবন্ত মাটিচাপা দেয়। স্বাধীনতার পর ৩০ ডিসেম্বর স্থানীয় লোকজন গণকবর চিহ্নিত করে। সেখান থেকে মীর আবদুল কাইয়ুমসহ সবার লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের পর সবার হাত পেছনে বাঁধা ছিল। তাঁকে পরে কাদিরগঞ্জে সমাহিত করা হয়।