মুক্তিযুদ্ধের চেতনার দেশ প্রতিষ্ঠা করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার বিকেলে নগরের চাষাঢ়ার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ হয়েছে।

বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদ নেতা আবু নাঈম খান, সেলিম মাহমুদ, সিপিবির নেতা আব্দুল হাই শরীফ প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।

নিখিল দাস বলেন, প্রজাতন্ত্রের সর্বোচ্চ নির্বাহী পদে থেকে সংবিধানের মৌল চেতনাকে ধারণ না করে হেফাজতে ইসলামের ভাস্কর্য অপসারণের দাবিকে প্রধানমন্ত্রীর সমর্থন প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ও সংবিধানের মৌল চেতনার সঙ্গে সাংঘর্ষিক। মূর্তি ও ভাস্কর্য এক নয়। ভাস্কর্য ইতিহাস-ঐতিহ্যের প্রতীক।

নিখিল দাস বলেন, সাম্প্রদায়িক, শোষণমূলক পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করে অসাম্প্রদায়িক রাষ্ট্র বাংলাদেশের সৃষ্টি হয়েছে। ফলে ১৯৭২ সালের সংবিধানের মূলমন্ত্র ছিল ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র ও জাতীয়তাবাদ। সাম্প্রদায়িক ও লুটপাটের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সেই দিন মুক্তিযোদ্ধারা জীবন দেননি।

নেতারা রফিউর রাব্বির বিরুদ্ধে ‘হয়রানিমূলক মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবি জানান। এ ছাড়া মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে ধ্বংস করার আওয়ামী-হেফাজতি চক্রান্তকে প্রতিহত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।