মুক্তিযোদ্ধারাই প্রশাসন চালাতেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ ডিসেম্বর ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে ঝালকাঠি ও নলছিটি শহরে মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। পাকিস্তানি বাহিনীর দোসর স্থানীয় রাজাকাররা আত্মসমর্পণ করে। আগেই শহর ছাড়ে হানাদার বাহিনী। জেলার নলছিটি ও ঝালকাঠি থানা দখল করে নেন মুক্তিযোদ্ধারা। সারা শহরে ওড়ে লাল-সবুজের পতাকা। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভারত সরকার বাংলাদেশকে স্বীকৃতি দিলে সারা দেশেই পাকিস্তানি বাহিনী পিছু হটতে শুরু করে। কিন্তু ৭ ডিসেম্বর ঝালকাঠির দৃশ্যপট ছিল অন্য রকম। রাজাকারদের পক্ষ থেকে রাতে শহরে মাইকিং করে পরদিন কারফিউ ঘোষণা করা হয়। কিন্তু ৮ ডিসেম্বর সকালে ঝালকাঠি শহরের পাকিস্তানি সৈন্যরা রাজাকারদের সঙ্গে নিয়ে স্পিডবোটযোগে বিল অঞ্চলের দিকে অপারেশনে যায়। দুপুরের পর পাকিস্তানি সেনারা ফিরে এসে রাজাকারদের বর্তমান কাঠপট্টি খেয়াঘাটে নামিয়ে দিয়ে গানবোটযোগে শহর ছেড়ে পালিয়ে যায়। স্থানীয় মুক্তিযোদ্ধারা লাঠিসোঁটা নিয়ে রাজাকারদের পিছু ধাওয়া করলে তারা নিজেদের সঙ্গে থাকা কয়েকটি রাইফেল ফেলে আত্মসমর্পণ করে। ৮ ডিসেম্বর সকাল থেকেই ঝালকাঠির প্রতাপ এলাকায় মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ বায়জীদের নেতৃত্বে অবস্থান নেন মুক্তিযোদ্ধারা। বিকেলে মুক্তিযোদ্ধারা ঘেরাও করেন ঝালকাঠি সদর থানা। ঘণ্টা খানেক পর সেলিম শাহনেওয়াজের নেতৃত্বে আরও শতাধিক মুক্তিযোদ্ধা এলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ২০-২২ জন পুলিশ সদস্য মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে। একই দিন সকাল আটটায় নলছিটি থানা ঘেরাও করেন মুক্তিযোদ্ধারা। চারদিকে মুক্তিযোদ্ধাদের সশস্ত্র অবস্থান দেখে ওসির নেতৃত্বে থানার সব পুলিশ ও কয়েকজন রাজাকার আত্মসমর্পণ করে। 

নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সিকান্দার আলী মিয়া বলেন, ‘নলছিটি থানা পুলিশের আত্মসমর্পণের পর আমি থানায় ওসির কক্ষে অবস্থান নিই। আত্মসমর্পণ করা পুলিশ ও রাজাকারদের আটক করে তালতলা মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে পাঠিয়ে দিই। ৮ থেকে ১৬ ডিসেম্বর—এই আট দিনে থানায় কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি, শহরেও কোনো ঘটনা ঘটেনি। ১৬ ডিসেম্বর বিভিন্ন স্থান থেকে মুক্তিযোদ্ধা ও সাধারণ জনতা বিজয় মিছিল নিয়ে নলছিটি থানায় জমায়েত হয়ে বিজয় উল্লাস করেন।’
ঝালকাঠি থানা মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে আসার পর মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ বায়জীদ ঝালকাঠির সিভিল অ্যাডমিনিস্টেটরের দায়িত্ব পালন করেন। থানা নিয়ন্ত্রণ করতেন মুক্তিযোদ্ধা সেলিম শাহনেওয়াজ। পলিটিক্যাল চিফ ছিলেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মিয়া। মুক্তিযোদ্ধা আবুল বাশার বলেন ‘৮ ডিসেম্বর থানা দখলের পর ওসিসহ কয়েকজন পুলিশ ও রাজাকারকে আটক করে ঝালকাঠি জেলখানায় রাখা হয়। মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনকে জেলখানা নিয়ন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়। নাসির উদ্দিন জানান, ৮ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন স্থান থেকে রাজাকারদের ধরে থানায় নিয়ে আসত জনগণ।
জেলা সাংস্কৃতিক সমন্বয় পরিষদের আহ্বায়ক মানিক রায় জানান, ৮ ডিসেম্বর সরকারি উচ্চবিদ্যালয়ে স্থাপন করা হয় মুক্তিযোদ্ধাদের ক্যাম্প। প্রথম দিন এখানে ১৭৬ জন মুক্তিযোদ্ধা অবস্থান নেন। তিন-চার দিন পর এ সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে যায়। মহকুমা প্রশাসকের পক্ষ থেকে ঠিকাদার নিয়োগ করে মুক্তিযোদ্ধাদের খাবার সরবরাহ করা হতো। মুক্তিযোদ্ধারা মার্চ মাস পর্যন্ত পালা করে শহরের বিভিন্ন ব্যাংকের শাখা পাহারা দিতেন।