মুক্তেশ্বরী ফোকলোর লাইব্রেরি ও আর্কাইভের যাত্রা শুরু
যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া গ্রামে মুক্তেশ্বরী ফোকলোর ইনস্টিটিউটের অঙ্গপ্রতিষ্ঠান মুক্তেশ্বরী ফোকলোর লাইব্রেরি ও আর্কাইভের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে এই লাইব্রেরি ও আর্কাইভের উদ্বোধন করেন ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রনজিত বাওয়ালি।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বইপড়ার প্রতি মানুষের অনীহা বাড়ছে। বিশেষ করে নতুন প্রজন্মকে সংস্কৃতি ও বইমুখী করতে লাইব্রেরির কোনো বিকল্প নেই। এলাকার সামাজিক কর্মকাণ্ড, সাংস্কৃতিক চর্চা এবং গবেষণায় মুক্তেশ্বরী লাইব্রেরি ও আর্কাইভ অগ্রণী ভূমিকা পালন করবে। এই লাইব্রেরি ও আর্কাইভে বইপড়ার পাশাপাশি বৈজ্ঞানিক পদ্ধতিতে সামাজিক তথ্য ও ইতিহাসের উপাদান সংরক্ষণ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ও মুক্তেশ্বরী ফোকলোর ইনস্টিটিউটের উপদেষ্টা অনুপম হীরা মণ্ডল, মনিরামপুর উপজেলার মশিয়াহাটী ডিগ্রি কলেজের গ্রন্থাগারিক নারায়ণচন্দ্র মণ্ডল, মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক ও ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির সদস্যসচিব চৈতন্য কুমার পাল প্রমুখ।
২০১০ সালের ২০ এপ্রিল মুক্তেশ্বরী ফোকলোর ইনস্টিটিউটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রায় সাড়ে ১১ বছর পর আজ সোমবার মুক্তেশ্বরী ফোকলোর লাইব্রেরি ও আর্কাইভের যাত্রা শুরু হলো।