মুখ দিয়ে উত্তর লিখে জোবায়েরের সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোবায়ের হোসেনের হাত-পা অচল। মুখে কলম রেখে লেখেন। মুখে কাঠি দিয়ে ল্যাপটপে লেখালেখি করেন
ছবি: সংগৃহীত

জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধী। হাঁটাচলা করতে পারেন না। তাঁর কথাও স্পষ্ট বোঝা যায় না। তবে মুখে কলম রেখে পরীক্ষার খাতায় লিখতে পারেন। এভাবেই সব প্রতিবন্ধকতাকে জয় করে এইচএসসি পরীক্ষায় পাস করেছেন জোবায়ের হোসেন। তিনি জিপিএ–৪.৫৮ পেয়েছেন।

জোবায়ের রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট আদর্শ মহাবিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। জোবায়ের উপজেলার বালারহাট ইউনিয়নের হযরতপুর গ্রামের জাহিদ সারোয়ার ও উম্মে কুলসুম দম্পতির ছেলে। তাঁদের তিন সন্তানের মধ্যে জোবায়ের দ্বিতীয়। জন্মের পর থেকে বিভিন্ন শারীরিক সমস্যা ছিল তাঁর। এর মধ্যেও পড়ালেখা চালিয়ে গেছেন জোবায়ের। তিনি এসএসসি পাস করেছেন বালারহাট ইউনিয়নের শেরপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে। এসএসসিতে পেয়েছেন জিপিএ–৪.৩৩। পরে ভর্তি হন বালাহাট আদর্শ মহাবিদ্যালয়ে। মুখে কাঠি নিয়ে বইয়ের পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে পড়েন তিনি। মুখ দিয়ে মুঠোফোনও চালান তিনি। এভাবে অনলাইনে ক্লাসও করেছেন। জোবায়ের মুখে কাঠি নিয়ে কম্পিউটারে লেখালেখি করেন।

জোবায়ের বলেন, ‘আমার হাত-পা অচল। স্পষ্ট করে কথা বলার শক্তি নেই। অনেক কষ্ট করে আজ এত দূর আসতে পেরেছি। কম্পিউটার নিয়ে পড়ালেখা করতে চাই। স্বপ্নপূরণে সবার দোয়া ও সহযোগিতা চাই।’

জোবায়েরের মা উম্মে কুলসুম বলেন, বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে ছিল পরীক্ষার কেন্দ্র। অটোরিকশায় শুয়ে জুবায়ের যাওয়া-আসা করতেন। কেন্দ্রে বিছানায় শুয়ে পরীক্ষা দিয়েছেন। তিনি পরিবারের বোঝা হতে চান না। চাকরি করে স্বাবলম্বী হতে চান।

বালারহাট আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. আলাউদ্দিন বলেন, শুয়ে পরীক্ষা দেওয়ার জন্য বোর্ড থেকে অনুমতি নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। শারীরিক প্রতিবন্ধকতার পরও জোবায়ের যে ফল বয়ে এনেছে, এটা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য গর্বের। তার এই ভালো ফলে সবাই আনন্দিত। প্রতিবন্ধকতাকে হার মানিয়ে সে জীবনে আরও ভালো কিছু করবে।