মুখর পাট ক্রয়কেন্দ্রে এখন সুনসান নীরবতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে পাট ক্রয়কেন্দ্রের গুদাম। সম্প্রতি পাবনার বেড়া বাজারে
প্রথম আলো

উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী বেড়া বাজার পাট ক্রয়কেন্দ্রে এখন সুনসান নীরবতা। অথচ একসময় কয়েক হাজার শ্রমিক ও পাট ব্যবসায়ীদের হাঁকডাকে মুখর হয়ে থাকত এ হাট। পাটকল বন্ধ করে দেওয়ায় ব্যবসায়ীরা যেমন দিশেহারা হয়ে পড়েছেন তেমনি কাজ হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন এখানকার শ্রমিকেরা।

পাটশ্রমিক ও ব্যবসায়ীরা জানান, পাবনার বেড়া উপজেলার বেড়া বাজারের পাট ক্রয়কেন্দ্রের খ্যাতি ছিল উত্তরাঞ্চলজুড়ে। একসময় বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) প্রায় সবগুলো পাটকলের ক্রয়কেন্দ্র ছিল এখানে। বেসরকারি পর্যায়েরও কয়েকটি পাটকলের ক্রয়কেন্দ্র ছিল এখানে। এখান থেকে পাট কিনে কলগুলো কারখানায় নিয়ে যেত। প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত ‘পাটপট্টি’ নামে পরিচিত এই ক্রয়কেন্দ্রে এখনো অর্ধশতাধিক পাটের গুদাম রয়েছে।

ব্যবসায়ী ও শ্রমিকেরা আরও জানান, নব্বইয়ের দশকের শেষের দিক থেকে বেড়ার পাট ক্রয়কেন্দ্রটি স্থবির হতে শুরু হরে। সে সময় ইছামতী নদীর উৎসমুখে বাঁধ দেওয়ায় ক্রয়কেন্দ্রটিতে জাহাজ ও বড় বড় নৌকার প্রবেশ বন্ধ হয়ে যায়। এ কারণে এখানে স্থবির অবস্থার সৃষ্টি হয়। এরপরও গত বছর পর্যন্ত ক্রয়কেন্দ্রটি টিকে ছিল। ২০১৯ সালে একাধিক সরকারি ও বেসরকারি পাটকল এখানে ক্রয়কেন্দ্র স্থাপন করে পাট সংগ্রহ করেছে। কিন্তু সম্প্রতি বিজেএমসি পাটকলগুলো বন্ধ করে দেওয়ায় তাঁদের ক্রয়কেন্দ্রগুলো বন্ধ হয়ে যায়। এবার বেসরকারি কোনো পাটকলের ক্রয়কেন্দ্র এখানে নেই। ফলে এবার পাটের মৌসুমে সুনসান নীরব হয়ে আছে ক্রয়কেন্দ্রটি। দিনের বেলায়ও এখানে যেন ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়েছে।

পাট ক্রয়কেন্দ্রের গুদামে তালা পড়েছে। সম্প্রতি পাবনার বেড়া বাজারে
প্রথম আলো

সম্প্রতি ঘুরে দেখা যায়, পাটপট্টির অর্ধশতাধিক গুদামসহ দোকানগুলো ফাঁকা পড়ে আছে। এগুলোতে তালা মারা।

কয়েকজন শ্রমিক জানান, একসময় বেড়া ক্রয়কেন্দ্রে কয়েক হাজার শ্রমিক কাজ করলেও এখন বেড়ায় আট শতাধিক তালিকাভুক্ত শ্রমিক রয়েছেন। গত বছর শ্রমিকের সংখ্যা কমে পাঁচ শর কাছাকাছিতে নেমে আসে। ক্রয়কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় এবারের পাট মৌসুমে সব শ্রমিকই বেকার হয়ে পড়েছেন। তাঁদের দিন কাটছে চরম কষ্টে। কেউ কেউ কামলার কাজ বা রিকশা-ভ্যান চালানোর পেশা বেছে নিচ্ছেন।

শ্রমিক সরদার খবির উদ্দিন বলেন, ‘এই জায়গার বেশির ভাগ শ্রমিক ১৫ থেকে ২০ বছর বা তারও বেশি সময় ধইর‍্যা কাজ কইর‍্যা আসতেছেন। তাঁরা পাটের কাজ ছাড়া আর কোনো কাজ জানেন না। অথচ হঠাৎ কইর‍্যাই এসব শ্রমিক বেকার হয়া গেল। আমরা এখন কনে যাব?’

কয়েকজন ব্যবসায়ী জানান, বেড়া পাট ক্রয়কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় বিপদে পড়েছেন শতাধিক পাট ব্যবসায়ী। এমনিতেই ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে তাঁদের আয়ের পথ। এর ওপর বিজেএমসির একাধিক পাটকলের কাছে ব্যবসায়ীদের পাওনা রয়েছে মোটা অঙ্কের টাকা। শুধু বেড়ার ব্যবসায়ীরাই বিজেএমসির কাছে ৩ কোটি ৪০ লাখ টাকা পাবেন। বিজেএমসি এই টাকা শোধ না করেই পাটকল বন্ধের ঘোষণা দেওয়ায় তাঁরা দিশেহারা হয়ে পড়েছেন।

বেড়া বাজারের পাট ব্যবসায়ী শামসুল ইসলাম বলেন, ‘বিজেএমসির কাছে আমার ১৬ লাখ টাকা পাওনা রয়েছে। বিভিন্ন জায়গা থেকে ঋণ করে গত ২ বছর বিজেএমসির আমিন জুট মিলসে পাট দিয়েছিলাম। এই টাকা কবে পাব বা আদৌ পাব কি না, তা জানি না। এর মধ্যে আবার পাওনাদারেরা টাকার জন্য চাপ দিচ্ছেন। এখন আমি কী করব তা ভেবে পাচ্ছি না।’