মুখে মাস্ক না থাকলেই করোনা পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের প্রতীকী ছবি

মাস্ক না পরে ঘুরে বেড়ালেই জরিমানা হিসেবে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এতে কারও কারও শরীরে মিলছে করোনাভাইরাসের উপস্থিতি। খুলনার পাইকগাছা উপজেলায় দুই দিন ধরে এভাবেই করোনা পরীক্ষা করা হচ্ছে। আজ মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র এ তথ্য জানিয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে খুলনার পাইকগাছা পৌরসভা এলাকায় চলছে কঠোর বিধিনিষেধ। ১০ জুন সকাল ৬টা থেকে ওই বিধিনিষেধ শুরু হয়েছে। কিন্তু ওই বিধিনিষেধ অমান্য করে অনেকেই মাস্ক ছাড়া বাইরে বের হচ্ছেন। প্রথম কয়েক দিন এমন জরুরি প্রয়োজন ছাড়াই ঘুরে বেড়ানোর জন্য ‘সচেতনতামূলক’ জরিমানা করে উপজেলা প্রশাসন। তবে তাতেও কাজ না হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে ব্যতিক্রম উদ্যোগ নেওয়া হয়েছে।

পৌর এলাকার বিভিন্ন স্থানে বসানো হচ্ছে অস্থায়ী ‘কোভিড টেস্ট বুথ’। যাঁরা মাস্ক ছাড়া বাইরে বের হচ্ছেন বা স্বাস্থ্যবিধি মানছেন না, তাঁদের জরিমানা হিসেবে ১০০ টাকার বিনিময়ে তাৎক্ষণিকভাবে করোনা পরীক্ষা করানো হচ্ছে। তাঁদের র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হচ্ছে। যাঁরা শনাক্ত হচ্ছেন, তাঁদের তাৎক্ষণিকভাবে হোম আইসোলেশনে পাঠানো হচ্ছে।

উপজেলা প্রশাসন থেকে জানা গেছে, সোমবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া আজ মঙ্গলবারও পরীক্ষা করা হয়েছে ৩৪ জনের নমুনা। তাঁদের মধ্যে ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। দুই দিনে মোট ৬৮ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার প্রায় ২৪ শতাংশ। দ্বৈবচয়ন ভিত্তিতে করা ওই পরীক্ষায় উপজেলার করোনা পরিস্থিতি সম্পর্কে একটি ধারণাও পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, দ্বৈবচয়ন ভিত্তিতে করা ওই পরীক্ষায় উপজেলার করোনা পরিস্থিতির একটি সার্বিক ধারণাও পাওয়া যাচ্ছে। পরীক্ষায় দেখা গেছে, কোনো ধরনের উপসর্গ নেই, এমন ব্যক্তিদের করোনা শনাক্ত হচ্ছে। বিষয়টি উদ্বেগজনক হলেও উপজেলায় করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে। যাঁদের হোম আইসোলেশনে পাঠানো হচ্ছে, তাঁদের ঘরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক সপ্তাহের খাদ্য পৌঁছে দেওয়া হচ্ছে।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ইফতেখার বিন রাজ্জাক বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে একটি মেডিকেল টিম থাকছে। যাঁরা স্বাস্থ্যবিধি মানছেন না, তাৎক্ষণিকভাবে তাঁদের জরিমানা করে নমুনা নিয়ে করোনা পরীক্ষা করা হচ্ছে। এটা খুবই ভালো উদ্যোগ। এর ফলে জনসচেতনতা বাড়ছে।’