মুখে মুখে জয় বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের ১৬ ডিসেম্বরের আগেই যেসব অঞ্চল মুক্ত হয়েছিল, কেমন ছিল সেসব অঞ্চলের পরিবেশ, মানুষের আবেগ-অনুভূতি? এ রকম ১৬টি এলাকার আনন্দ-বেদনার দিনলিপি গ্রন্থিত হয়েছে বিজয়ের মাস–এ

বিজয়ের মাস
বিজয়ের মাস

শহরজুড়ে মানুষের ঢল। মুক্তির আনন্দ ছড়িয়ে পড়েছে সবখানে। ‘জয় বাংলা’ স্লোগান মানুষের মুখে মুখে। এই আনন্দ-উল্লাসের মাঝেও একধরনের উৎকণ্ঠা ছিল, ছিল ভীতি। নিজের এলাকা শত্রুমুক্ত হয়েছে, প্রিয় দেশটা তো এখনো স্বাধীন হয়নি। একদিকে মুক্তির আনন্দ, অন্যদিকে উৎকণ্ঠা—এই নিয়ে ১০ দিন কেটেছে সুনামগঞ্জের ছাতক এলাকার মানুষের। সেই ১০ দিন ছিল ১৯৭১ সালের ৭ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর।
খবরটি আগেই জানা হয়ে গিয়েছিল। শত্রুমুক্ত হয়েছে ছাতক। পুবাকাশ লাল করে সূর্য উঁকি দিচ্ছে। নতুন দিনের সকালে মানুষজন দল বেঁধে নেমে আসে রাস্তায়। মানুষের মুখে মুখে ‘জয় বাংলা’ স্লোগান। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় পুরো শহর। সুনামগঞ্জ জেলার বর্তমান ছাতক উপজেলা শহরের এ দৃশ্য ছিল ১৯৭১ সালের ৭ ডিসেম্বর সকালের।
ছাতক পাকিস্তানি বাহিনীর কবল থেকে মুক্ত হয় ৬ ডিসেম্বর। কিন্তু মুক্তিযোদ্ধারা শহরে ফেরে ৭ ডিসেম্বর সকালে। ৬ ডিসেম্বর সকালে পাকিস্তানি বাহিনী ছাতক শহর থেকে উপজেলার সুনামগঞ্জ-সিলেট সড়কের গোবিন্দগঞ্জ এলাকায় গিয়ে জড়ো হয়। মুক্তিযোদ্ধারা সেই খবর পেয়ে বিভিন্ন দলে ভাগ হয়ে গোবিন্দগঞ্জকে ঘিরে অবস্থান নেন। বিকেলে পাকিস্তানি বাহিনীর সদস্যরা গোবিন্দগঞ্জ ছেড়ে সিলেটের লামাকাজী এলাকায় চলে যায়। ছাতক পুরোপুরি শত্রুমুক্ত—এই খবর নিশ্চিত হয়ে পরদিন ৭ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা ছাতক শহরে ঢোকেন। মুক্তিবাহিনীর সঙ্গে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ।
ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুস সামাদ জানান, তিনি দলবলসহ ছাতক শহরে ওঠেন ৭ ডিসেম্বর সকালে। শহরে ঢুকেই দেখেন মানুষ আর মানুষ। মানুষ স্লোগান দিচ্ছে। আনন্দ করছে। মানুষের আনন্দ দেখে যুদ্ধদিনের সব কষ্ট মুহূর্তেই তাঁর মন থেকে মিলিয়ে যায়। মানুষ মুক্তিযোদ্ধাদের বুকে টেনে নেয়। এ দৃশ্য এখনো তাঁর মনে ভাসে। আবদুস সামাদ বলেন, ‘হাজার হাজার মানুষের ভিড়ে যখন স্লোগান দিচ্ছিলাম, তখন মনের মধ্যে একটা আতঙ্কও ছিল। ছাতক শত্রুমুক্ত হয়েছে। দেশ তো স্বাধীন হয়নি। কী হবে? এই অজানা আতঙ্ক মনে ছিল।’
সুনামগঞ্জ মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহ্বায়ক ও রক্তাক্ত ৭১ সুনামগঞ্জ গ্রন্থের লেখক বজলুল মজিদ চৌধুরী যুদ্ধ করেছেন ছাতক অঞ্চলে। তাঁর সঙ্গে কথা বলে জানা গেল, ছাতকে সবচেয়ে বড় যুদ্ধ হয়েছে ১৩ অক্টোবর। একটানা পাঁচ দিন ভয়াবহ সেই যুদ্ধ চলে। এতে ৩৬৪ জন পাকিস্তানি সেনা নিহত হয়। আহত হয়েছিল চার শতাধিক। সেক্টর কমান্ডার মীর শওকত আলীর নির্দেশে ক্যাপ্টেন হেলাল উদ্দিন, ক্যাপ্টেন আনোয়ার ও ক্যাপ্টেন আকবরের নেতৃত্বে এই যুদ্ধ পরিচালিত হয়। ১৩ অক্টোবর মুক্তিবাহিনীর তীব্র আক্রমণের মুখে টিকতে না পেরে পাকিস্তনি বাহিনী ছাতক সিমেন্ট কারখানা ছেড়ে যায়। পরে মুক্তিবাহিনী সিমেন্ট কারখানা দখলে নিয়ে সেখানে বাংলাদেশের পতাকা উড়িয়ে দেয়।
মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাতক শত্রুমুক্ত হলেও মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা ছিল, ভীতি ছিল। দেশ স্বাধীনের আগ পর্যন্ত ওই এলাকায় তৎকালীন এমএনও আবদুল হকের নেতৃত্বে প্রশাসনিক কার্যক্রম চলে। পার্শ্ববর্তী সীমান্তের ওপারে সেলা শরণার্থী ক্যাম্পে রমেশ দাস নামের একজন পুলিশ সদস্য ছিলেন। তাঁকে নিয়ে এসে থানার কার্যক্রম শুরু হয়। এই সময়টায় উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। মানুষ একে অন্যকে সহযোগিতা করেছে। পাশে দাঁড়িয়েছে। কিছু কিছু এলাকায় রাজাকারদের তৎপরতা থাকলেও তাদের অনেকেই তখন এলাকা ছেড়ে পালিয়েছিল। মুক্তিযোদ্ধারা সব সময় সতর্ক ছিল। ১০ দিনের উৎকণ্ঠা ও ভীতির অবসান ঘটে ১৬ ডিসেম্বর, যখন পাকিস্তানি বাহিনী মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। স্বাধীন হয় বাংলাদেশ।