মুজিবনগরে মোটরসাইকেল ও ভটভটির সংঘর্ষে নিহত ৩
ঈদের দিনে মোটরসাইকেলে চড়ে ঘুরে বেড়াচ্ছিলেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের শাকিল ও তাঁর বন্ধু শামীম। মুজিবনগর কমপ্লেক্সে যাওয়ার পথে মানিকনগর গ্রামে তাঁদের মোটরসাইকেলের সঙ্গে একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাকিল, শামীমসহ মুস্তাকিম নামের আরও একজন নিহত হন। আজ বুধবার বেলা দুইটার দিকে মেহেরপুরের মুজিবনগরের মানিকনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন মুজিবনগর উপজেলার সোনাপুর মাঠপাড়ার বাসিন্দা শরিফুল ইসলামের ছেলে শাকিল হোসেন (১৮), একই গ্রামের মিনারুল ইসলামের ছেলে শামীম হোসেন (২০) ও গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের মুস্তাকিম হোসেন (২৫)। এ ঘটনায় আহত উমর ফারুক (২৯) ও রাকিবুল ইসলাম (২৩) মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মেহেরপুর-মুজিবনগর সড়কটি ঈদের জামাতের পরপরই সরব হতে শুরু করে। দীর্ঘ বিধিনিষেধের কারণে মানুষ বেরোতে পারেনি। হঠাৎ করেই মুজিবনগর সড়কে মোটরসাইকেল চলাচল বেড়ে যায়। দুপুরের দিকে একটি মোটরসাইকেল উপজেলার বাগোয়ান সড়ক থেকে মুজিবনগর সড়কে দ্রুতগতিতে ওঠে আসে। এ সময় মুজিবনগর কমপ্লেক্স থেকে ছেড়ে আসা একটি ভটভটির সঙ্গে এর মুখোমুখি ধাক্কা লাগে। পরে আরও একটি দ্রুতগতির মোটরসাইকেল সেখানে এলে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় সোনাপুর গ্রামের দুই বন্ধু শাকিল ও শামীম ঘটনাস্থলে মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুস্তাকিম মারা যান।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাসেম জানান, মেহেরপুর-মুজিবনগর সড়ক দিয়ে দুটি মোটরসাইকেল ও একটি নছিমনের ত্রিমুখী সংঘর্ষে এই হতাহত হয়। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। মরদেহ ও তাঁদের ব্যবহৃত মোটরসাইকেল পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।