মুঠোফোন অপারেটর কোম্পানির দুই কর্মকর্তাসহ ১৪ জন সাক্ষ্য দিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিনহা মো. রাশেদ খান
ফাইল ছবি

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় আজ মঙ্গলবার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে আরও ১৪ জন সাক্ষ্য দিয়েছেন। এর মধ্যে বেসরকারি দুটি মুঠোফোন অপারেটর কোম্পানির ২ কর্মকর্তা ও পুলিশের ১০ কর্মকর্তা রয়েছেন। এ নিয়ে সিনহা হত্যা মামলায় সাক্ষ্য দিলেন ৫৭ জন।

আদালতের আইনজীবীরা জানান, আলোচিত হত্যা মামলাটির সাক্ষ্য গ্রহণের ষষ্ঠ দফার দ্বিতীয় দিনে মঙ্গলবার সকাল সোয়া ১০টায় প্রথম সাক্ষ্য দেন গ্রামীণফোনের কর্মকর্তা মো. আহসানুল হক। ২০২০ সালের ৩১ জুলাই সিনহা হত্যাকাণ্ডের আগে ও পরে মুঠোফোনে আসামিদের কথা বলার বিষয়ে তিনি সাক্ষ্য দেন। এরপর সাক্ষ্য দেন বেসরকারি মুঠোফোন কোম্পানি রবির কর্মকর্তা সৈয়দ আহমদ শিবলু।

বেলা আড়াইটা পর্যন্ত আদালতে সাক্ষ্য দেন আরও ১২ জন। তাঁরা হলেন কক্সবাজার সদর হাসপাতালের মর্গে সিনহার মরদেহ পরীক্ষায় যুক্ত মিজানুর রহমান ও পিংকু পাদনা; সিনহার মরদেহ ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে আসা; পরবর্তীকালে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর ও সুরতহাল প্রতিবেদন তৈরি সঙ্গে জড়িত টেকনাফ বাহারছড়া ফাঁড়ির পুলিশ কনস্টেবল সৈকত হোসেন; এসআই বাবুল মিয়া, রাশেদুল হাসান, হাশেম, আবু মুসা, আবদুল জলিল, আবদুল্লাহ আল হাসান, নাজমুল হাসান ও সুমন কান্তি এবং এএসআই মামুন মিয়া।

সাক্ষীদের জবানবন্দি (সাক্ষ্য) গ্রহণ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পিপি ফরিদুল আলমসহ তিন আইনজীবী। সাক্ষ্য শেষে সাক্ষীদের জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা। আদালত পরিচালনা করছেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল।
সাক্ষ্য গ্রহণের সময় আদালতের কাঠগড়ায় ছিলেন সিনহা হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলীসহ ১৫ জন আসামি। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলা কারাগার থেকে প্রিজনভ্যানে ১৫ আসামিকে আদালতে আনা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পিপি ফরিদুল আলম প্রথম আলোকে বলেন, আজ মঙ্গলবার ষষ্ঠ দফার দ্বিতীয় দিনে সাক্ষ্য দিয়েছেন ১৪ সাক্ষী। এর আগে ৪৩ জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল। এ মামলার মোট ৮৩ সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৫৭ জনের সাক্ষ্য নেওয়া হলো। কাল বুধবার আরও ১৫ জনের সাক্ষ্য নেওয়া হতে পারে।

আদালত সূত্র জানায়, ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি (টেকনাফে দুটি, রামুতে একটি) মামলা করে। ঘটনার পাঁচ দিন পর, অর্থাৎ ৫ আগস্ট কক্সবাজার আদালতে টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্তকেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। চারটি মামলা তদন্তের দায়িত্ব পায় র‌্যাব।

২০২০ সালের ১৩ ডিসেম্বর প্রদীপ কুমার দাশসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা ও র‌্যাব-১৫ কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খাইরুল ইসলাম।

আরও পড়ুন