মুঠোফোন কলের সূত্র ধরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

চট্টগ্রামে ১৫ মাস আগে শাহজাহান নামের এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় করা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার বোয়ালখালী উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন মেহেদি হাসান (২৭) ও সাইফুল ইসলাম (৪০)। পিবিআই জানিয়েছে, মুঠোফোনের কলের সূত্র ধরে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিস্তারিত জানান তাঁরা।

পিবিআই চট্টগ্রামের পুলিশ সুপার নাজমুল হাসান প্রথম আলোকে বলেন, হত্যার আগে শাহজাহানের মুঠোফোন থেকে তাঁর ভগ্নিপতির কাছে ফোন করে দুই লাখ টাকা চাওয়া হয়। ওই ফোন কলের সূত্র ধরে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁদের দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও ওষুধের বোতল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুই আসামির জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তার দুই আসামিসহ ১০ জন হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন। ঘটনার দিন রাতে শাহজাহানকে একা পেয়ে তাঁরা টাকা দাবি করেন। পরে পেটের ভেতর ইয়াবা আছে দাবি করে তা বের করার জন্য তাঁকে ওষুধ খাওয়ানো হয়।

ওষুধ খাওয়ানোর ফলে পায়খানা করতে করতে শাহজাহান নিস্তেজ হয়ে যান বলে উল্লেখ করেন নাজমুল হাসান। তিনি জানান, ওষুধ খাওয়ানোর আগে তাঁকে মারধর করাও হয়েছিল। পরে তাঁকে খালে ফেলে উল্লাস করতে করতে চলে যান আসামিরা।
পুলিশ কর্মকর্তা নাজমুল হাসান বলেন, হত্যাকাণ্ডে অংশ নেওয়া ব্যক্তিরা সবাই তরুণ। এলাকায় মাদক সেবন, ছিনতাই ও চাঁদাবাজি করেন তাঁরা।

২০২০ সালের ৫ অক্টোবর বোয়ালখালীর খিতাপচরের রায়খালী খালে প্রসন্ন মাঝির ব্রিজের নিচ থেকে শাহজাহানের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার তিন দিন আগে তিনি পটিয়া পৌর সদরে একটি মাজার জিয়ারতে যান। পরে এ ঘটনায় মামলা করা হয়।