মুঠোফোন চুরির অভিযোগ এনে শিশুকে নির্যাতন, গ্রেপ্তার ৩
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মুঠোফোন চুরির অভিযোগ এনে ইয়াকুব ভূঁইয়া (১০) নামে এক শিশুকে মারধর ও নির্যাতনের ঘটনায় করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানি গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন পশ্চিম মেরাশানি গ্রামের বাবুল মিয়া (২৭), মান্নান মিয়া (২৯) ও শাহিন মিয়া ওরফে মুন্না (২৮)।
শিশু ইয়াকুব উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের পশ্চিম মেরাশানি গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত মজনু ভূঁইয়ার ছেলে। তার মা রাজিয়া বেগম দুই বছর ধরে সৌদিপ্রবাসী। সে একই গ্রামে তার নানা সোলায়মান মিয়া ও নানি আরুজা বেগমের সঙ্গে বসবাস করে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা সোলায়মানের সঙ্গে গ্রামের পুকুরে মাছ ধরে ইয়াকুব। সন্ধ্যা সাতটার দিকে সোলায়মান সিগারেটের জন্য ইয়াকুবকে দোকানে পাঠান। দোকানে যাওয়ার পথে গাছ থেকে আম পেড়ে দেওয়ার কথা বলে ইয়াকুবকে একই গ্রামের রুবেল মিয়া তাঁর বোনের বাড়িতে নিয়ে যান। সেখানে মোবাইল চুরির অভিযোগ তুলে রুবেল মিয়া ও তাঁর সহযোগী বাবুল মিয়া, শাহিন মিয়া ও মান্নান মিয়াসহ ৬-৭ জন মিলে ইয়াকুবের হাত-পা বেঁধে মারধর ও নির্যাতন করেন।
এ ঘটনায় ইয়াকুবের নানি আরুজা বেগম বাদী হয়ে ৬-৭ জনকে আসামি করে বিজয়নগর থানায় রোববার রাতে মামলা করেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে অভিযান শুরু করা হয়। মামলা নথিভুক্ত হওয়ার আগেই ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়। পরে শিশুটির নানি বাদী হয়ে ৬-৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন। আটক তিনজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।