মুঠোফোন চুরির অভিযোগে শিশুকে হাত-পা বেঁধে নির্যাতন, আটক ১
নওগাঁর মহাদেবপুর উপজেলায় মুঠোফোন চুরির অভিযোগ তুলে শিহাব হোসেন (১৪) নামের এক শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে উপজেলার বাগাচারা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার মূল অভিযুক্ত এক নৈশপ্রহরীকে আটক করেছে পুলিশ।
আটক হওয়া ওই ব্যক্তির নাম বকুল হোসেন (৫৫)। তিনি উপজেলার চৌমাশিয়া গ্রামের বাসিন্দা এবং বাগাচারা এলাকায় নির্মাণাধীন একটি অটো গ্যাস ফিলিং স্টেশনের নৈশপ্রহরী। নির্যাতনের শিকার শিহাব হোসেন উপজেলার বাগাচারা গ্রামের খোরশেদ আলমের ছেলে।
নির্যাতনের শিকার শিশুটির পরিবার ও মহাদেবপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল সাতটার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পাশে বাগাচারা এলাকায় নির্মাণাধীন একটি অটো গ্যাস ফিলিং স্টেশন এলাকায় ঢোকে শিহাব। এ সময় মুঠোফোন চুরির অভিযোগ তুলে ওই ফিলিং স্টেশনের নৈশপ্রহরী বকুল হোসেন ও কয়েকজন নির্মাণশ্রমিক শিশুটির হাত-পা বেঁধে লাঠি দিয়ে মারধর করেন। পরে হাত-পা বাঁধা অবস্থায় শিশুটিকে নৈশপ্রহরী বকুল তাঁর কক্ষে আটকে রাখেন।
পরে ঘটনা জানাজানি হলে শিশুটির পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা এসে শিশুটিকে সেখান থেকে উদ্ধার করেন। লোকজন আসার আগেই নৈশপ্রহরী বকুল হোসেন সেখান থেকে পালিয়ে যান।
শিহাবের বাবা খোরশেদ আলম বলেন, ‘আমার ছেলেকে হাত-পা বেঁধে মারধরের ঘটনার ভিডিও এলাকার বিভিন্ন মানুষের মুঠোফোনে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখতে পাইছি, ছেলেকে হাত-পা বেঁধে কীভাবে মারধর করা হয়েছে। আমি এই নির্যাতনের বিচার চাই।’
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ইতিমধ্যে মূল অভিযুক্ত বকুল হোসেনকে মান্দা উপজেলার ফেরিঘাট এলাকা থেকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।