মুঠোফোন চুরির ঘটনা দেখে ফেলায় মাদ্রাসাছাত্র খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুরিকাঘাতে নিহত
প্রতীকী ছবি

মুঠোফোন চুরির ঘটনা দেখে ফেলায় এক কিশোর ছুরিকাঘাত করে এক মাদ্রাসাছাত্রকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাত নয়টায় উপজেলার সোনাইছড়ির বায়তুশ শরফ মাদ্রাসার কাছে ওই ছাত্রকে ছুরিকাঘাত করা হয়।

খুন হওয়া ওই মাদ্রাসাছাত্রের নাম মোহাম্মদ আরাফাত (৯)। সে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি এলাকার ইজিবাইকচালক মো. হাছন আলীর ছেলে। আরাফাত সোনাইছড়ির বায়তুশ শরফ মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

বায়তুশ শরফ মাদ্রাসার কয়েকজন ছাত্র ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উখিয়া উপজেলার দক্ষিণ সোনাইছড়ি এলাকার সিএনজিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ আলমগীরের ছেলে রিফাতুল ইসলাম (১৬) গতকাল সন্ধ্যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় এক নারীর হাতব্যাগ থেকে একটি মুঠোফোন চুরি করে নিয়ে যায়। এ সময় তা দেখে ফেলে মাদ্রাসাছাত্র আরাফাত। সে ঘটনাটি অন্যদের বলে দিতে পারে—এ আশঙ্কায় রিফাত তাকে মাদ্রাসার সামনে থেকে পাশের ঝোপে নিয়ে যায়। সেখানে নিয়ে রিফাত আরাফাতের গলা ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এ ঘটনার কিছুক্ষণ পর স্থানীয় লোকজন আরাফাতকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টায় আরাফাতকে মৃত ঘোষণা করেন।

জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী বলেন,‘লোকমুখে শুনেছি সন্ধ্যার দিকে একটি মুঠোফোন চুরির ঘটনা আরাফাত দেখে ফেলে। এ ঘটনার জেরে আরাফাতকে ছুরিকাঘাতে হত্যা করা হতে পারে।’

এ ব্যাপারে জানতে চাইলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, আজ শুক্রবার সকালে আরাফাতের লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রিফাতের বাবা মোহাম্মদ আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।