মুঠোফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে প্রাণ হারাল কলেজছাত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

নীলফামারীর সৈয়দপুরে ভারতীয় পাথরবোঝাই মালবাহী ট্রেনে কাটা পড়ে আরজু হোসেন (১৭ ) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে সৈয়দপুর রেলস্টেশনের ৪ নম্বর লাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরজু হোসেন শহরের মুন্সিপাড়ার হায়দার আলীর ছেলে। সে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ভারতীয় পাথরবোঝাই মালবাহী ট্রেনটি সানটিং করার সময় কাটা পড়ে আরজু। রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সৈয়দপুর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত মাস্টার মো. আলমগীর হোসেন প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানান, কিশোরটি তার ব্যবহৃত মুঠোফোনে কোনো বিষয় নিয়ে ব্যস্ত ছিল। এ সময় পয়েন্টসম্যানদের সিগন্যাল সে বুঝতে না পারায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে তিনি মনে করেন।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিউল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, নিহত কিশোর সেখানে রেললাইনের ওপর বসে ফোনে গেম খেলছিল কিংবা কারও সঙ্গে কথা বলছিল। এমন সময় ওই পাথরবাহী ট্রেনে কাটা পড়ে সে। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসার পরই ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বলা যাবে।