মুঠোফোনে ডেকে এনে কলেজছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২
গাজীপুরে মুঠোফোনে ডেকে এনে তিন তরুণ মিলে এক কলেজছাত্রীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার মামলায় দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই তরুণ হলেন মাসুদ রানা (২৫) ও মো. আনন্দ (২২)। তাঁরা গাজীপুর সিটির বাসিন্দা।
মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় কলেজছাত্রীর মুঠোফোনে কল দিয়ে জরুরি কাজের কথা আছে বলে শিমুলতলী বটতলা এলাকায় নিয়ে যান তাঁর বন্ধু মো. নাঈম। সেখান থেকে তিনি ওই ছাত্রীকে একটি অটোরিকশায় করে শিমুলতলী স্কুল গেটসংলগ্ন নির্জন স্থানে নিয়ে যান। পরিস্থিতি দেখে সন্দেহ হলে ওই ছাত্রী পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় মো. নাঈম ও তাঁর দুই সহযোগী আনন্দ ও মাসুদ রানা মিলে পর্যায়ক্রমে তাঁকে ধর্ষণ করে পালিয়ে যান। পরে ওই ছাত্রীর চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন। পরে রাতেই ওই কলেজছাত্রী বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটনের সদর থানায় তিনজনকে আসামি করে মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে আসামি আনন্দ ও মাসুদ রানাকে গ্রেপ্তার করে। ঘটনার পর থেকেই মামলার প্রধান আসামি নাঈম পলাতক আছেন।
গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া বলেন, ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রধান আসামি নাঈমকে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত আছে।