মুঠোফোনে ডেকে নিয়ে গৃহবধূকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ
যশোরের ঝিকরগাছা উপজেলায় মুঠোফোনে ডেকে নিয়ে এক গৃহবধূকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে ঝিকরগাছা সদর ইউনিয়নে এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওই রাতেই পুলিশ প্রধান আসামি রুফি মিয়া ওরফে শুভকে (২৬) গ্রেপ্তার করে।
গ্রেপ্তার রুফি মিয়ার বাড়ি উপজেলার দোস্তপুর গ্রামে। মামলার অন্য আসামিরা হলেন উপজেলার দোস্তপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে মো. রাহুল (২২), শওকত আলীর ছেলে মো. সোহান (২৩) এবং মোশারফ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২০)।
মামলার এজাহারে ওই গৃহবধূর স্বামী উল্লেখ করেন, বুধবার রাতে রুফি মিয়া মুঠোফোনে তাঁর স্ত্রীকে বাড়ির পাশের রাস্তায় আসতে বলেন। তাঁর স্ত্রী রাস্তায় পৌঁছানোমাত্রই রুফি তাঁর হাত ধরে মাঠের দিকে নিয়ে যান। এরপর পূর্বপরিকল্পিতভাবে রাহুল, সোহান ও সাদ্দাম তাঁকে পালাক্রমে ধর্ষণ করেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, গৃহবধূর স্বামী বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেছেন। মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।