সাতক্ষীরার আশাশুনি উপজেলায় এক নারীকে (২৫) মুঠোফোনে ডেকে নিয়ে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ এবং ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ গতকাল শুক্রবার রাতে আমানুল্লাহ ওরফে সবুজ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
ওই নারী জানান, পাঁচ বছর আগে এক দিনমজুরের সঙ্গে তাঁর বিয়ে হয়। চার বছরের এক ছেলে আছে তাঁর। অভাবের তাড়নায় স্বামী ভারতে কাজ করতে গিয়ে করোনাভাইরাস পরিস্থিতির কারণে বাড়ি ফিরতে পারেননি। তাই তিনি এখন ছেলেকে নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছেন। লেবাননফেরত আমানুল্লাহ তাঁর পরিচিত।
মামলার এজাহারে ওই নারী অভিযোগ করেন, তিন মাস আগে আমানুল্লাহ তাঁকে বন্ধুর মেয়ের মুখে ভাত অনুষ্ঠানের কথা বলে তাঁকে ডেকে নেন এবং ধর্ষণ করে ভিডিও ধারণ করেন। তাঁর কথামতো না চললে ওই ভিডিও চিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন আমানুল্লাহ। দেড় মাস আগে ওই নারীর বাড়িতে লোকজন না থাকার সুযোগে একই গ্রামের বাপ্পি, আজাহারুল ও আবদুল কাদেরকে সঙ্গে নিয়ে তাঁদের বাড়িতে যান আমানুল্লাহ। তিনি দরজা না খোলায় আমানুল্লাহ ধর্ষণের ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন। একপর্যায়ে তিনি ভয়ে দরজা খুলে দিলে ওই চারজন ঘরে প্রবেশ করে তাঁকে ধর্ষণ করেন। তাঁকে জানানো হয়, মুঠোফোন থেকে ধর্ষণের ভিডিও তিনি মুছে দিয়েছেন। কিন্তু কিছুদিন পর তাঁর ইমোতে ওই ভিডিও পাঠিয়ে আবারও হুমকি দেন আমানুল্লাহ। ওই চারজনের কাছে জিম্মি হয়ে পড়েছেন বুঝতে পেরে গত বৃহস্পতিবার তিনি বিষয়টি তাঁর মা–বাবা ও ভ্যানচালক ভাইকে জানান।
এতে ক্ষুব্ধ হয়ে আজাহারুল বৃহস্পতিবার রাতে ওই নারীর বাবা ও ভাইকে বাড়িতে ডেকে নেন এবং চারজন মিলে মারধর করেন। পুলিশকে জানানো হলে খুন করারও হুমকি দেন। এরপর গতকাল শুক্রবার সকালে তিনি থানায় গিয়ে মামলা করলে রাতে পুলিশ আমানুল্লাহকে গ্রেপ্তার করে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবীর বলেন, এ ঘটনায় ওই নারী বাদী হয়ে ধর্ষণ ও ধর্ষণে সহায়তা করার অভিযোগে চারজনের নাম উল্লেখ করে গতকাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। প্রধান আসামি আমানুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও চিত্রটি জব্দ করা হয়েছে।