মুঠোফোনে প্রবাসীর সঙ্গে কিশোরীর বিয়ের আয়োজন, পরে বন্ধ
কাতারপ্রবাসী এক যুবকের সঙ্গে সিলেটের বালুচর এলাকার এক কিশোরীর (১৫) বিয়ের আয়োজন করা হচ্ছিল। বিয়ের আগের রাতে স্থানীয় লোকজনের মাধ্যমে বাল্যবিয়ের খবর পান সিলেট সদর উপজেলার টুলটিকর ইউনিয়নের চেয়ারম্যান এস এম আলী হোসেন। পরে গতকাল শুক্রবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তাহমিনা আক্তার ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় বিয়ের আয়োজন বন্ধ করা হয়েছে।
এ ঘটনায় কিশোরীর বাবা-মা লিখিতভাবে মেয়ের বয়স ১৮ হওয়ার আগে বিয়ে না দেওয়ার জন্য মুচলেকা দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাতারপ্রবাসী বাবুল মিয়ার (২৪) সঙ্গে কিশোরীর বিয়ের আয়োজন করা হচ্ছিল। বিষয়টি শাহপরান (রহ.) থানা পুলিশ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান টুলটিকর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। পরে শুক্রবার বেলা দেড়টার দিকে কিশোরীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করা হয়।
টুলটিকর ইউপি চেয়ারম্যান এস এম আলী হোসেন বলেন, ওই কিশোরী ২০১৮ সালে পঞ্চম শ্রেণির পরীক্ষা দিয়েছিল। বর্তমানে কিশোরীর অষ্টম শ্রেণিতে পড়ার কথা। মেয়েটির এখনো বিয়ের বয়স হয়নি। মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার মুচলেকা নেওয়া হয়েছে।
মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহীনা আক্তার বলেন, ‘স্থানীয় চেয়ারম্যান এ ব্যাপারে তৎপর ছিলেন। তাঁর মাধ্যমে খবর পেয়ে ইউএনও আমাদের বিষয়টি জানান। পরে আমরা চেয়ারম্যান ও পুলিশের সহযোগিতায় বিয়ে বন্ধ করেছি।’