মুন্সিগঞ্জে আরও একজন করোনায় আক্রান্ত, ২০ বাড়ি লকডাউন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় আরও একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ওই ব্যক্তি (৫৭) অবসরপ্রাপ্ত সেনাসদস্য। এ ঘটনায় ওই ব্যক্তির গ্রামের তিনটি রাস্তাসহ ২০টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

আজ রোববার বিকেলে ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেন মুন্সিগঞ্জের সিভিল সার্জন আবুল কালাম আজাদ। এ নিয়ে জেলায় মোট ১২ জনের করোনা শনাক্ত হলো।

আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, গত শুক্রবার ১৪ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়। আজ দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ওই ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাসলিমা আনাম বলেন, করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তি বর্তমানে নারায়ণগঞ্জ শহরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করেন। ৯ এপ্রিল তিনি জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। উপসর্গ দেখে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে তাঁর নমুনা সংগ্রহ করে মুন্সিগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়। পরে পরীক্ষার ফলে তাঁর করোনাভাইরাস পজিটিভ আসে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসান সাদি বলেন, ওই ব্যক্তির গ্রামের তিনটি রাস্তাসহ ২০টি বাড়ি লকডাউন করা হয়েছে। অবস্থা গুরুতর না হওয়ায় তাঁকে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর পরিবারের সব সদস্যকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এর আগে শনিবার মুন্সিগঞ্জের পাঁচটি উপজেলায় দুজন নারীসহ ১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।