মুন্সিগঞ্জে আলুখেত পাহারায় থাকা তরুণকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত আবদুর রহমান মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।
ছবি: প্রথম আলো

মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নে আলুর পাহারায় থাকা ঘুমন্ত এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। তাঁর নাম মো. মিজান খাঁ (২১)। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ইউনিয়নের সুমার ঢালীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিজান পূর্ব সুমারঢালী কান্দির মোহাম্মদ আলী আকবরের ছেলে। তাঁর পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে স্থানীয় মিজি বংশের লোকজন এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। তবে এ ব্যাপারে মিজি বংশের কারও বক্তব্য পাওয়া যায়নি।

হামলার ঘটনায় আহত হয়েছেন আবদুর রহমান (২১) নামের একজন। মিজান ও তিনি নিহত মিজানের খালাতো ভাই সুমন ঢালীদের বাড়িতে থাকতেন। তাঁরা রাতে জমি থেকে তোলা আলু পাহারা দিতেন।
স্থানীয়দের ভাষ্য, কিছুদিন আগে আলুর জমিতে ওষুধ ছিটানোকে কেন্দ্র করে স্থানীয় মিজি বংশের সুপার মিজির সঙ্গে মিজানের ঝগড়া হয়। সে সময় তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করেন মিজানের খালাতো ভাই সুমন ঢালী।

সুমন ঢালী বলেন, ‘মিজানকে আমরা মেরে ছিলাম। শাসন করেছিলাম। তাঁদের কাছে মাফও চেয়েছিলাম। তারপরও সে সময় মিজানকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল সুপার মিজি।’

মিজানের খালাতো বোন রেহানা বেগম বলেন, ‘মিজান ও আবদুর রহমান রাতে আমাদের জমির তোলা আলু পাহারা দিত। কখনো বাড়িতে থাকত, কখনো আলুখেতের পাশে বানানো ঘরে থাকত। সোমবার রাতে আমরা ঘুমিয়ে ছিলাম। মিজান জমিতে আলু পাহারার জায়গায় ছিল। রাত দেড়টার দিকে আবদুর রহমানের চিৎকারে আমাদের ঘুম ভাঙে। ঘর থেকে বের হয়ে দেখি, আবদুর রহমানের মাথা ও নাক-মুখ থেকে রক্ত ঝরছে। তখন সে বলে, মিজি বংশের লোকজন ঘুমন্ত অবস্থায় তাদের ওপর হামলা করেছে। রাত দুইটার দিকে আমরা ঘটনাস্থলে গিয়ে মিজানের লাশ দেখতে পাই।’

নিহত ব্যক্তির বাবা মো. আলী আকবর বলেন, চার ছেলে ও এক মেয়ে তাঁর। মিজান ছিল সবার ছোট। তাঁরা সবাই ঢাকায় থাকেন। মিজান জাতীয় পরিচয়পত্র করার জন্য গ্রামের বাড়িতে এসেছিলেন। খালাদের বাড়িতে থাকতেন। কে জানত, এভাবে তাঁর ছেলেকে মেরে ফেলা হবে!

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক এম এ কালাম আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, ‘আবদুর রহমান আহত অবস্থায় ভোররাত চারটার দিকে আমাদের হাসপাতালে আসেন। তাঁর মাথায় ও নাকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।’

মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব খান বলেন, ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ সেখানে যায়। আজ সকালে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ধারালো ছুরির আঘাতে ওই তরুণের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযুক্ত ব্যক্তিরা পলাতক। তাঁদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে।