মুন্সিগঞ্জে করোনায় আক্রান্ত অর্ধশত ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সদর, সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় নতুন করে আরও আটজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জ সিভিল সার্জন আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫১। জেলায় প্রথম ১০ জন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে নতুনদের অধিকাংশ আক্রান্ত হয়েছেন।

আক্রান্ত ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া এলাকার মৃত ব্যক্তি (৫০)। তিনি করোনার উপসর্গ নিয়ে মারা যান। একই উপজেলার হাতিমারা এলাকার এক যুবক (৩৫) ও নারী (৫৫)। তাঁরা দুজন ওই এলাকার আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এসে আক্রান্ত হন। এ ছাড়া সিরাজদিখান উপজেলার আকবর নগর এলাকার এক নারী (৫০), কুচিয়ামোড়া এলাকার এক পুরুষ (৬০) এবং ইছাপুরা এলাকার এক নারী (৩৫) ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালক (৪৫) আক্রান্ত হন। শ্রীনগর উপজেলার এক শিশু (৯) আক্রান্ত হয়। এর আগে শিশুটির মা–বাবা করোনাভাইরাসে আক্রান্ত হন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত রোববার ৭০ ও গতকাল সোমবার ৫০ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে ৫৪ জনের নেগেটিভ ও ৮ জনের করোনাভাইরাস শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এ নিয়ে জেলায় মোট ৫১ জন করোনা পজিটিভ হলেন। আজ ৩৩টিসহ জেলার মোট ৩৯৮ জনের নমুনা এ পর্যন্ত পাঠানো হলো। ৩১১টির ফল পাওয়া গেছে।

সিভিল সার্জন আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, প্রথম দিকে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আসা ব্যক্তিরা আক্রান্ত ছিলেন। এখন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এসে নতুন করে আক্রান্ত হচ্ছেন মানুষ। এ ছাড়া কিছু মানুষ আক্রান্ত হওয়ার তথ্য গোপন করছেন। ফলে সংক্রমণটি আরও বেশি হয়েছে। তথ্য গোপন করতে থাকলে সংক্রমণ আরও বাড়তে পারে। তাই সংক্রমণ কমাতে রোগী, তাঁদের স্বজনদের সচেতন হতে হবে। পাশাপাশি যেসব এলাকায় আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে, তাদের বেশি সাবধান হতে হবে। আক্রান্ত এলাকায় কাউকে প্রবেশ ও বের হতে দেওয়া যাবে না। করোনাভাইরাস নিয়ে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জেলার সব শ্রেণি-পেশার মানুষের কাছে অনুরোধ করেন এই কর্মকর্তা।

এখন পর্যন্ত সদর উপজেলায় ১২ জন, টঙ্গিবাড়ী উপজেলায় ১০, সিরাজদিখান উপজেলায় ১১, শ্রীনগর উপজেলায় ৫ জন, লৌহজং উপজেলায় ৫ জন এবং গজারিয়া উপজেলায় ৮ জন করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে।