মুন্সিগঞ্জে ঘাটের ইজারা নিয়ে দ্বন্দ্বে কাউন্সিলরের ছেলেকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত ঝলক শিকদারের স্বজনদের আহাজারি। বুধবার দুপুরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে
প্রথম আলো

মুন্সিগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার কাউন্সিলরের ছেলেকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে একটার দিকে উপজেলার মিরকাদিমের কমলাঘাট নৌবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। মুন্সিগঞ্জে ঘাটের ইজারা নিয়ে দ্বন্দ্বে পৌর মেয়র আবদুস সালামের ছেলে মানিকের নির্দেশে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ করেছে নিহত তরুণের পরিবার।

নিহত তরুণের নাম মো. ঝলক শিকদার (২২)। তিনি মিরকাদিম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লিটন শিকদারের ছেলে। মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজে ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন ঝলক।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক মাস আগে মিরকাদিম লঞ্চঘাটের ইজারার দায়িত্বে ছিলেন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিটন শিকদারের ভাই আওলাদ শিকদার। তখন পৌর মেয়র আবদুস সালামের অনুসারী নৈদিঘির পাথর এলাকার জিল্লুর, মাসুদ ও মমিনকে ঘাট থেকে বের করে দেওয়া হয়। এ নিয়ে কাউন্সিলরের পরিবারের সঙ্গে জিল্লুরদের দ্বন্দ্ব শুরু হয়। কিছুদিন পর পৌর মেয়রের ছেলে মানিক ঘাটের ইজারর দায়িত্ব পান। আজ লঞ্চঘাটে নৌকা থেকে টাকা তুলছিলেন জিল্লুর মাসুদ ও মমিনরা। টাকা তুলতে বাধা দেন ঝলকসহ কয়েকজন। এ সময় তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হলে একপর্যায়ে এলোপাতাড়ি ঝলককে ছুরিকাঘাত করে পালিয়ে যান জিল্লুর পক্ষের লোকজন।

ঘটনার সময় ঝলক আর আমি একসঙ্গে ছিলাম। জিল্লুর খেয়াঘাটে চাঁদা তোলেন। আমরা তাতে বাধা দিই। এটাই ঝলকের জন্য কাল হয়েছে। মেয়রের ছেলে মানিকের নির্দেশে জিল্লুর, মাসুদরা চাকু মারে।
সম্পদ, ঘটনার প্রত্যক্ষদর্শী

স্থানীয় লোকজন ঝলককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস বেলা দেড়টার দিকে প্রথম আলোকে জানান, হাসপাতালে আনার আগেই ঝলকের মৃত্যু হয়েছে। তাঁর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ঝলকের বন্ধু সম্পদ বলেন, ‘ঘটনার সময় ঝলক আর আমি একসঙ্গে ছিলাম। জিল্লুর খেয়াঘাটে চাঁদা তোলেন। আমরা তাতে বাধা দিই। এটাই ঝলকের জন্য কাল হয়েছে। মেয়রের ছেলে মানিকের নির্দেশে জিল্লুর, মাসুদরা চাকু মারে।’

ঝলকের বাবা কাউন্সিলর লিটন শিকদার বলেন, ‘আমার সব শেষ হয়ে গেল। মেয়র সালামের ছেলে মানিক আমার ছেলেকে মেরে ফেলল। ছেলে হত্যার বিচার চাই।’

অভিযোগের বিষয়ে মিরকাদিম পৌর মেয়র আবদুস সালাম বলেন, নিহত ব্যক্তির পক্ষ অনেক কিছুই বলতে পারে। ঘটনার সময় তাঁর ছেলে ঘটনাস্থলে ছিলেন না। তাঁর ছেলেকে ফাঁসানোর জন্য মিথ্যা দোষারোপ করা হচ্ছে। তিনি আরও বলেন, ‘যে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, এটা অনেক দিন আগের। লিটন কমিশনাররা জিল্লুর রহমানদের ঘাট থেকে বের করে দিয়েছিলেন। এ নিয়ে জিল্লুর ও লিটনদের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল। আমি কয়েকবার তাদের মধ্যে মিল করে দেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু পারিনি। এ ঘটনার জের ধরেই আজকে হত্যাকাণ্ড ঘটতে পারে।’

মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব বিকেল চারটার দিকে প্রথম আলোকে জানান, মূলত লঞ্চঘাটের ইজারা নিয়েই কাউন্সিলর লিটন এবং স্থানীয় জিল্লুর পক্ষের দ্বন্দ্ব ছিল এ দ্বন্দ্বের জেরে কাউন্সিলরের ছেলেকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।