মুন্সিগঞ্জে থেমে থাকা মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, নিহত এক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় কংক্রিট মিকশ্চার ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসে থাকা এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকার একটি তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তিন যাত্রী আহত হয়েছেন।

নিহত আম্বিয়া খাতুন (৫৫) কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর পূর্বপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন অলি আহম্মেদ (২২), রিয়া (১০) ও কাইয়ুম (১৫)। আহত ব্যক্তিদের গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বালুয়াকান্দি মুন ফিলিং স্টেশনের পূর্ব দিকে ঢাকাগামী লেনের একপাশে যাত্রীবাহী মাইক্রোবাসটি দাঁড়িয়ে ছিল। সকাল সাতটার দিকে বেপরোয়া গতিতে আসা একটি কংক্রিট মিকশ্চারের ট্রাক মাইক্রোবাসটির পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসে থাকা চার যাত্রী আহত হন। তাঁদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আম্বিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন। বাকি ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ডিউটি অফিসার মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশি হেফাজতে আছে। একজনের লাশ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। অন্য আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।