মুন্সিগঞ্জে দাফন করা বৃদ্ধ করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন

নারায়ণগঞ্জে মারা যাওয়ার পর মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় দাফন করা বৃদ্ধ (৭২) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। আজ রোববার সকাল সোয়া ১০টার দিকে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নমুনা পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা গেছে।
টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে আইইডিসিআর ওই বৃদ্ধের নমুনা পরীক্ষার ফল জানায়। এতে জানা যায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। এর পরিপ্রেক্ষিতে যে গ্রামে ওই ব্যক্তিকে দাফন করা হয়েছে, তা লকডাউন করা হয়েছে। যাঁরা মরদেহের গোসল, জানাজা ও কবর দেওয়ায় অংশ নিয়েছিলেন, তাঁদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। এ ছাড়া যাঁরা মৃত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন, তাঁদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।
ওই ব্যক্তির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জে থাকার সময় গত বৃহস্পতিবার ওই বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েন। রাতেই পরিবারের লোকজন তাঁকে নারায়ণগঞ্জ ভিক্টেরিয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি মারা যান। গত শুক্রবার টঙ্গিবাড়ী উপজেলায় বৃদ্ধের গ্রামের বাড়িতে তাঁকে দাফন করা হয়। ওই ব্যক্তির পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে লিভার ও কিডনির সমস্যায় ভুগছিলেন।
টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাছলিমা ইসলাম প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তির লাশ এলাকায় নিয়ে এলে আতঙ্ক সৃষ্টি হয়। বিষয়টি জানতে পেরে প্রশাসন সেখানে যায়। পরিবারের পক্ষ থেকে বলা হয়, স্বাভাবিক মৃত্যু হয়েছে। রোগীর কাগজপত্র দেখেও করোনাভাইরাসের কোনো লক্ষণ বোঝা যায়নি। তারপরও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।