মুন্সিগঞ্জে দুই অটোরিকশার সংঘর্ষে ১ জনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ সদর উপজেলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বজ্রযোগিনীর ভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নূর হোসেন ভূঁইয়া (৫৩)। তিনি উপজেলার মহাকালি ইউনিয়নের নূরপুকুর পার এলাকার তমিজউদদীনের ছেলে।
হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. তুহিন প্রথম আলোকে বলেন, নূর হোসেন সকালে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হন। ব্যাটারিচালিত অটোরিকশায় করে মুক্তাপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। বজ্রযোগিনী ভাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে নূর হোসেন গুরুতর আহত হন, পরে তিনি মারা যান।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।