মুন্সিগঞ্জে নতুন করে ২৭ জন আক্রান্ত

মুন্সিগঞ্জের সদর, শ্রীনগর ও লৌহজং উপজেলায় দুই চিকিৎসক, পুলিশ কর্মকর্তা, শিশুসহ নতুন করে আরও ২৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭২।
এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।
আক্রান্ত ব্যক্তিদের মধ্যে স্বাস্থ্য বিভাগের ৫৬ জন ও পুলিশ প্রশাসনের ১০ জন রয়েছেন। ফলাফলের অপেক্ষায় রয়েছেন আরও ৩২৩ জন।
আজ সোমবার বেলা আড়াইটার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ সিভিল সার্জন আবুল কালাম আজাদ। তিনি জানান, ৭, ৮ ও ৯ মে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে (নিপসম) পাঠানো নমুনার মধ্যে ২০২ জনের রিপোর্ট এসেছে। সেখানে ২৭ জনের করোনা পজিটিভ হওয়ার কথা জানানো হয়।
নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ২০ জন, লৌহজং উপজেলায় ৬ জন ও শ্রীনগর উপজেলায় ১ জন আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন আবুল কালাম আজাদ বলেন, নমুনার ফল আসতে দেরি হচ্ছে। নতুন রোগীরা লক্ষণ ছাড়াই আক্রান্ত হচ্ছেন। এ ছাড়া করোনার উপসর্গ লুকিয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া হচ্ছে। ফলে মুন্সিগঞ্জের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। কারও মধ্যে সামান্য উপসর্গ দেখা দিলে অথবা সন্দেহ হলে চিকিৎসকের পরামর্শসহ করোনা পরীক্ষা করাতে হবে। নমুনা দেওয়ার পাশাপাশি আইসোলেশনে থাকতে হবে। রোগীর স্বজনদেরও সচেতন হতে হবে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, মোট ২৭২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ ১১৫ জনসহ জেলার মোট ১ হাজার ৬৮৫ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। ইতিমধ্যে ১ হাজার ৩৬২ জনের নমুনার ফল পাওয়া গেছে।
এ পর্যন্ত সদর উপজেলায় ১১৭ জন, টঙ্গিবাড়ী উপজেলায় ১৪, সিরাজদিখান উপজেলায় ৫০, শ্রীনগর উপজেলায় ৩৮ জন, লৌহজং উপজেলায় ৩২ জন এবং গজারিয়া উপজেলায় ২১ জন করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে।
আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সদরে একজন স্বাস্থকর্মীসহ সাতজন, টঙ্গিবাড়ীতে দুজন ও শ্রীনগর উপজেলায় একজন করোনা শনাক্ত হওয়ার আগেই মারা যান। তবে লৌহজং উপজেলায় দুজন করোনা নিয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।