মুন্সিগঞ্জে নির্বাচনী সহিংসতায় দুজন নিহত
মুন্সিগঞ্জ সদর উপজেলায় নির্বাচনী সহিংসতায় দুজন নিহত হয়েছেন। রোববার রাত আটটার দিকে উপজেলার পঞ্চসার ইউনিয়নে একজন এবং সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাংলাবাজার ইউনিয়নে একজনকে হত্যা করা হয়। নিহত ব্যক্তিদের পরিবারের অভিযোগ, প্রতিপক্ষের লোকজনই তাঁদের হত্যা করেছে।
পঞ্চসার ইউনিয়নে নিহত ব্যক্তির নাম মো. রিয়াজুল শেখ (৫৮)। রিয়াজুল মুক্তারপুর গোসাইবাগ এলাকার বাসিন্দা। নিহতের ভাই মোহাম্মদ আলী সিদ্দিকী পঞ্চসার ইউনিয়ন পরিষদের টেলিফোন প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
বাংলাবাজার ইউনিয়নে নিহত ব্যক্তির নাম মো. শাকিল মোল্লা (২৭)। নিহত শাকিল শরীয়তপুরের মোহাম্মদ হারুন মোল্লার ছেলে। শাকিল ওই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য রাবেয়া বেগমের ভাগনে ছিলেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, বাংলাবাজার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বানিয়াল বুকেলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই নারী সদস্যের মধ্যে ভোটের তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। সন্ধ্যায় ভোট গণনা চলছিল। সে সময় বই প্রতীকের প্রার্থী আরপা বেগমের লোকজন কেন্দ্রে হামলা চালান। কেন্দ্রের প্রধান ফটক তালা দিয়ে, বাইরে রাবেয়ার লোকজনকে মারধর করছিলেন। সে সময় ধারালো অস্ত্র দিয়ে শাকিলকে কোপানো হয়।
নিহতের চাচাতো ভাই ঈমান মোল্লা বলেন, ‘আমরা শরীয়তপুর থেকে বাংলাবাজারে বেড়াতে এসেছিলাম। এখানে শাকিলের খালার ভোট চলছিল। ভোট দেখতে এসে শাকিলকে লাশ হতে হলো। যাদের হামলায় শাকিল মারা গেল, আমরা তাদের বিচার চাই।’
পঞ্চসারে নিহত রিয়াজুল শেখের স্ত্রী বিলকিছ বেগম বলেন, ‘আমরা বাড়িতে ছিলাম। নির্বাচনের ফলাফলে গোলাম মোস্তফার আনারস প্রতীক জয়লাভ করে। সে সময় মোস্তফার লোকজন আমাদের বাড়িতে হামলা চালায়। আমার স্বামীকে ঘরের মধ্যে বেদম পেটায়। একপর্যায়ে তাকে মাথার ওপরে তুলে বাড়ির এক পাশ থেকে অন্য পাশে আছড়িয়ে ফেলে। তখনই স্বামীর নড়াচড়া বন্ধ হয়ে যায়।’ নিহতের ছেলে জাকির শেখ বলেন, ‘বেলা তিনটার দিকে আমরা মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছিলাম। সেখানে মোস্তফা চেয়ারম্যানের স্ত্রী ডালিয়া বেগম ও তার লোকজন আমাদেরকে পিটিয়ে কেন্দ্র থেকে বের করে দেয়। বাবাকে তখন খুব মারে। আমি মার খেয়ে জ্ঞানহারা হই। আমি বাড়িতে ছিলাম না। সন্ধ্যার পর শুনতে পেলাম আমাদের বাড়িতে মোস্তফা চেয়ারম্যানের লোকজন হামলা করেছে। বাড়িঘর ভাঙচুর করেছে। আমার বাবাকে পিটিয়ে মেরে ফেলেছে।’
অভিযোগের বিষয়ে পঞ্চসার ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ‘যে ব্যক্তি মারা গেয়েছেন, তাদের লোকজন মুক্তারপুরের কেন্দ্রে ঝামেলা তৈরি করেন। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সবাইকে পিটিয়ে বের করে দেন। সন্ধ্যার পরে তারা মিছিল করছিলেন। আমাদের মিছিলও গোসাইবাগ দিয়ে যাচ্ছিল। দৌড়াদৌড়ির সময় হয়তো ওই ব্যক্তি স্ট্রোক করে মারা যেতে পারেন।’
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক প্রথম আলোকে জানান, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে। নিহত শাকিল মোল্লার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে রিয়াজুল শেখ শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে কী কারণে তিনি মারা গেছেন, তা ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব রাতে প্রথম আলোকে বলেন, ‘সারা দিন জেলার কোথাও নির্বাচন নিয়ে কোনো ঘটনা ঘটেনি। সন্ধ্যার পর বাংলাবাজার ইউনিয়নের দুই নারী ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার সময় এক ব্যক্তি নিহত হয়েছেন। হাসপাতালে তাঁর লাশ আনা হয়েছে। হাসপাতালে আসার পর শুনতে পেলাম পঞ্চসার ইউনিয়নে আরেক ব্যক্তি মারা গেছেন। নিহত দুই পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাঁদের প্রতিপক্ষের লোকজন হত্যা করেছেন।’
এসব ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।