মুন্সিগঞ্জে পুকুর থেকে যুবকের হাত–পা বাঁধা বস্তাবন্দী লাশ উদ্ধার
মুন্সিগঞ্জ সদর উপজেলার একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক যুবকের হাত-পা বাঁধা বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মুক্তারপুর এলাকার মল্লিকের রায়দিঘি থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, আজ সকালে ওই দিঘিতে বস্তাবন্দী কিছু একটা ভাসছিল। সেখান থেকে উৎকট গন্ধ আসছিল। বস্তার পাশ দিয়ে মাছি ভনভন করছিল। স্থানীয় ব্যক্তিরা বস্তার সামনে গেলে ভেতরে মানুষের লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক তদন্ত মো. রাজিব খান প্রথম আলোকে বলেন, স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগে ওই লোকটিকে হত্যার পর গুমের উদ্দেশ্যে লাশ বস্তাবন্দী করে পানিতে ফেলে দেওয়া হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, পুকুরটির একদিকে দুটি কোল্ডস্টোরেজ। বাকি পাশগুলোতে বাড়িঘর। এলাকাটি আবাসিক। বাইরে থেকে এনে এখানে লাশ ফেলে যাওয়া সম্ভব নয়। ধারণা করা হচ্ছে, এই এলাকায় ওই যুবককে হত্যা করা হতে পারে। ঘটনাটির তদন্ত করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন। পরিচয় শনাক্তের জন্য প্রতি থানায় লাশ উদ্ধারের বার্তা পাঠানো হয়েছে।