মুন্সিগঞ্জে পুলিশের সঙ্গে জেলেদের সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা নিচ্ছেন আহত গজারিয়া নৌ পুলিশের সদস্যরা
ছবি: প্রথম আলো

মুন্সিগঞ্জে জেলেদের সঙ্গে গজারিয়া নৌ পুলিশের সংঘর্ষে ৪ পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নের চরঝাপটার মেঘনা নদীর পাড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপরিদর্শক (এসআই) আবদুস সালাম (৪৫), দুই সহকারী উপরিদর্শক (এএসআই) ফয়সাল কবির (৩৬) ও মো. শাহআলম (৩৬), পুলিশ কনস্টেবল কবির হোসেন (৪০), জেলে হারেস আলীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে কবির হোসেন ও হারেস আলী ব্যাপারীর অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে।

একপর্যায়ে ওই গ্রামের দুই থেকে আড়াই শতাধিক নারী-পুরুষ দা, বঁটি, লাঠি নিয়ে পুলিশের ওপর হামলা চালান। আত্মরক্ষার জন্য পুলিশ তখন ৪০টি গুলি ছোড়ে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মেঘনা নদীর চরঝাপটা এলাকায় জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করছিলেন—এমন খবর পেয়ে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে পুলিশের সঙ্গে জেলেদের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় জেলেরা পুলিশের ওপর হামলা চালালে পুলিশও জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে উভয় পক্ষের অনেকেই আহত হন।

ঘটনাস্থলে উপস্থিত থাকা গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) রুবেল মোল্লা প্রথম আলোকে বলেন, ইলিশ রক্ষা অভিযানের নিয়মিত টহল হিসেবে মেঘনা নদীতে ভোররাত চারটা থেকে অভিযান শুরু করা হয়। সকাল সাড়ে আটটায় চরঝাপটা এলাকায় গিয়ে নদী থেকে জাল তোলা হচ্ছিল। একপর্যায়ে ওই গ্রামের দুই থেকে আড়াই শতাধিক নারী-পুরুষ দা, বঁটি, লাঠি নিয়ে পুলিশের ওপর হামলা চালান। আত্মরক্ষার জন্য পুলিশ তখন ৪০টি গুলি ছোড়ে।

একজন পুলিশ ও জেলে গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে
ছবি: প্রথম আলো

রুবেল মোল্লা বলেন, ‘আমরা জীবন বাঁচাতে পানিতে লাফিয়ে পড়ি। সেখানেও আমাদের ওপর হামলা চালান তাঁরা। এতে আমাদের ৪ জন আহত হন। তাঁদের লোকজনও আহত হতে পারেন।’

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. সোহাগ হোসেন বলেন, আজ বেলা ১১টায় এখানে ৪ জন পুলিশ সদস্য চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে একজন পুলিশ সদস্যের মাথার বিভিন্ন স্থানে জখম রয়েছে। নাক–মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি আবুবক্কর সিদ্দিক বলেন, বিষয়টি নৌ পুলিশের। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।